মাধ্যমিকের এক সপ্তাহ আগে শেষ সুযোগ দিচ্ছে পর্ষদ

Madhyamik Pariksha 2026 WBBSE to reopen portal for enrollment

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2026)। স্কুল জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষায় বসার জন্য এখনও নাম জমা করে উঠতে পারেননি বহু পড়ুয়া। অনেক ক্ষেত্রে ভুল নামও জমা পড়েছে বলে অভিযোগ। এদিকে মধ্যশিক্ষা পর্ষদ বলছে, গত 20 জানুয়ারির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করার কাজ শেষ হয়ে গিয়েছে। তাহলে কি যাঁরা নাম জমা করতে পারেননি তাঁরা পরীক্ষায় বসতে পারবেন না? শোনা যাচ্ছে, মাধ্যমিকের এক সপ্তাহ আগেই নতুন করে পোর্টাল চালু করে ভুল সংশোধন এবং নাম জমা নেওয়ার কাজ করবে পর্ষদ। কিন্তু কবে থেকে শুরু হবে এই কর্মযজ্ঞ?

স্কুলগুলির দিকেই আঙুল তুলছে পর্ষদ!

মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ বাকি। এমন সময় দাঁড়িয়ে একাধিক পড়ুয়ার নাম জমা পড়েনি। এমন ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, স্কুলগুলিকে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত তথ্য পাঠিয়ে দিতে বলা হয়েছিল। তবে তারা সেটা না করায় সমস্যা থেকেই গিয়েছে। তাই সমস্যা মেটাতে নতুন করে আবার চালু করা হচ্ছে পোর্টাল।

বলাই বাহুল্য, মাধ্যমিকে বসার জন্য নবম শ্রেণীতেই রেজিস্ট্রেশন করাতে হয় পড়ুয়াদের। সেই মতোই স্কুলগুলিতে চলে যায় রেজিস্ট্রেশন কার্ড। যারা অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রী তাদের জন্য আলাদা করে নির্দিষ্ট সময় বেঁধে দেয় পর্ষদ। সেসব নিয়েই স্কুল গুলিকে পড়ুয়াদের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই নির্ধারিত সময়ের মধ্যে, সমস্ত পড়ুয়ার নাম নথিভুক্ত করতে পারেনি স্কুলগুলি। সে কারণেই, 2025 সালের ডিসেম্বরে স্কুল গুলিকে আর্থিক জরিমানা করে পর্ষদ।

সূত্রের খবর, জরিমানা বাবদ প্রত্যেক পড়ুয়া পিছু 5,000 টাকা করে জমা দিতে বলা হয়েছিল স্কুলগুলিকে। যা নিয়ে অবশ্য প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হস্তক্ষেপ দাবি করা হলেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যের শিক্ষা দপ্তর এ বিষয়ে কিছুতেই হস্তক্ষেপ করবে না।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপ থেকে নাম কাটল বাংলাদেশের, স্কটল্যান্ডকে সুযোগ দিল ICC

নতুন করে খুলছে পোর্টাল

আজ অর্থাৎ শনিবার রাজ্যের শিক্ষা মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য যেসব ছাত্র-ছাত্রীর নাম এখনও পর্যন্ত জমা করা যায়নি, তাঁদের নাম সহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য নতুন করে খোলা হচ্ছে পোর্টাল। জানা গিয়েছে, আগামী 27 থেকে 28 জানুয়ারি পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পড়ুয়াদের নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে স্কুলগুলির। একই সাথে যেসব পড়ুয়ার নাম জমা পড়েছে কিন্তু তথ্যে ভুল রয়েছে সেগুলি সংশোধনেরও সুযোগ পাচ্ছে স্কুলগুলি। সমস্ত প্রক্রিয়া শেষ হলে 29 জানুয়ারি বিলম্ব হওয়ার কারণ দেখিয়ে জরিমানা মিটিয়ে তবেই পড়ুয়াদের অ্যাডমিট সংগ্রহ করবে স্কুলগুলি।

Leave a Comment