মাধ্যমিক পরীক্ষার্থীকে টুকলি করতে সহায়তা, সাসপেন্ড তৃণমূল নেতা তথা শিক্ষক

Madhyamik Examination

সৌভিক মুখার্জী, মালদা: রাজ্যজুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। তবে পরীক্ষার মধ্যেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ছাত্রকে টুকলি করতে সাহায্য করার জন্য সাসপেন্ড হল মালদার মানিকচকের তৃণমূল নেতা তথা শিক্ষক। জানা যাচ্ছে, অভিযুক্ত মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আনোয়ার আলী পারভেজ। আর এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, এবার ২৬৮২টি স্কুলে মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়েছে। আর এ বছর মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী এই বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছে। তবে মানিকচকের মথুরাপুর বিএসএস স্কুলের ওই শিক্ষক এক ছাত্রকে টুকলি করতে সাহায্য করছিল বলেই অভিযোগ। সূত্রের খবর, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করছিল ওই তৃণমূল নেতা। জানা যায়, তিনি বেআইনিভাবেই পরীক্ষার হলে ঢুকে পড়েন। এমনকি মাধ্যমিক বোর্ডের সিল দেওয়া সাদা পাতায় উত্তর লিখে এনেছিলেন, আর মুখে মুখে প্রশ্নের উত্তর বলে দেন পরীক্ষার্থীদের।

পরীক্ষা চলাকালীন শিক্ষকের হাতে ফোন

এদিকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষকদের হাতে মোবাইল ফোন নিয়ে অভিযোগ তোলাতে হেনস্থার শিকার হয়েছে স্কুল পরিদর্শক। জানা যাচ্ছে, পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের হাতে ফোন থাকাতে প্রধান শিক্ষকসহ মোট চার শিক্ষক তথা শিক্ষা কর্মীকে সাসপেন্ড করেছে পর্ষদ। তবে তার মধ্যে মানিকচকের এই শিক্ষকের কর্মকাণ্ডে হতবাক নেট নাগরিক। সবার কাছেই এখন খিল্লির শিকার এই তৃণমূল নেতা। এমনকি তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও উঠছে।

আরও পড়ুন: তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ হুগলিতে, কটাক্ষে বাম-বিজেপি

এদিকে পর্ষদ সূত্রে খবর, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক তথা উচ্চ প্রাথমিকের শিক্ষকরা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। এবার মোট ৭ লক্ষ পরীক্ষার্থী রয়েছে। আর এই পরীক্ষার নজরদারি করতে মোট ৩৬ হাজার শিক্ষক দরকার পড়বে। এমনকি জেলাতেই বহিরাগত শিক্ষক দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে সংসদ। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যই বদ্ধপরিকর পর্ষদ।

Leave a Comment