বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের মাস্টার স্ট্রোক বেকার ভাতা প্রকল্প যুবসাথী (Banglar Yuva Sathi)! সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করেই এই নতুন প্রকল্পের কথা জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, আগামী 15 আগস্ট থেকে মিলবে যুবসাথী প্রকল্পের মাসিক ভাতা। তবে সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে না রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের। আগামী এপ্রিলের 1 তারিখ থেকেই মিলবে যুবসাথীর 1500 টাকা।
যুবসাথী প্রকল্পের মেয়াদ
সরকারের গাইডলাইন্স অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ 5 বছরের জন্য যুবসথী প্রকল্পের মাসিক ভাতা পেতে পারেন। এক কথায় মাসে 1500 টাকা অর্থাৎ 5 বছরে এই প্রকল্প থেকে 90 হাজার টাকা পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতী। আর এই সময়ের মধ্যে যদি কেউ চাকরি পেয়ে যান সে ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে যুবসাথী প্রকল্পের আর্থিক সহায়তা। এদিকে কয়েকটি সূত্র বলছে, যদিও কেউ 5 বছরেরও বেশি সময় বেকার থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে এই প্রকল্পের রিনিউ করার সুযোগ থাকবে।
এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে তারা যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ বা শিক্ষাশ্রীর মতো প্রকল্পের অর্থ পেয়েও থাকেন তবেও তারা এই প্রকল্পের টাকা পাবেন। কেউ যদি লক্ষ্মীর ভান্ডার বা সমগোত্রীয় প্রকল্প থেকে ভাতা ইতিমধ্যেই পেয়ে থাকেন তবে তিনি এই প্রকল্পের যোগ্য নন। এছাড়াও সরকারের তরফে বলা হয়েছে, এই প্রকল্পে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের বয়স 21 বছর থেকে 41 বছরের মধ্যে।
অবশ্যই পড়ুন: ১০০, ৫০০ টাকার নোট বদলে ফেলল RBI! পুরনো নোট আর চলবে না?
অনলাইনে করা যাবে আবেদন?
প্রথমত বলে রাখি, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে ক্যাম্প করে চলবে এই প্রকল্পের আবেদন গ্রহণের কাজ। আপাতত যা খবর, আগামী 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পগুলি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ক্যাম্প। এখনও পর্যন্ত অনলাইনে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা বা জটিলতা এড়াতে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অফলাইনেই রেখেছে সরকার। কাজেই অনলাইনে এই প্রকল্পের আবেদনের কোনও সুযোগ এখনও পর্যন্ত নেই।