প্রীতি পোদ্দার, কলকাতা: নাজিরাবাদে ভয়ংকর অগ্নিকাণ্ডের জেরে সেখানে এখন জারি ১৬৩ ধারা। তার মধ্যেই আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে আদালতের নির্দেশিত পথে প্রশাসনের বিরুদ্ধে আজ পরিকল্পনামাফিক মিছিল করতে নামলেন তিনি। সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়করাও। ঘটনায় অনেকদিন ধরেই তিনি প্রশ্ন তুলেছিলেন যে কেন WOW মোমো কারখানার মালিককে গ্রেফতার করা হচ্ছে না, এবার সেই প্রশ্নের উত্তর দিতেই এক চাঞ্চল্যকর ছবি নিয়ে মিছিল করলেন শুভেন্দু (Suvendu Adhikari)।
মোমোর মালিককে গ্রেফতার করার দাবি শুভেন্দুর
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান, ‘ আনন্দপুরের এই ঘটনার পিছনে, সরকার আছে, পুলিশ আছে, লোকাল এমএলএ আছে। যেমন অভিযুক্ত গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছে, তেমন মোমোর মালিককেও গ্রেফতার করতে হবে। তাই জলাভূমিতে বিনা অনুমতিতে যেসমস্ত দখল হয়েছে, তার তালিকা প্রকাশ সহ, নিখোঁজদের খুঁজে দেওয়া সহ, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ, সরকারি চাকরি দেওয়ার দাবি সহ, এর পিছনে যারা আছে, তাঁদের গ্রেফতারের দাবি করা হয়েছে।” এছাড়াও মোমোর মালিক যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে ছিলেন সেই অভিযোগ তোলেন শুভেন্দু।
প্ল্যাকার্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
নাজিরাবাদে মোমো কারখানায় অগ্নিকাণ্ড ঘটনার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে নাকি ওয়াও মোমো সংস্থার মালিক ছিলেন। হাতে ধরা প্ল্যাকার্ডে ছবি দেখিয়ে শুভেন্দু বলেন, “এই যে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে ছিলেন, মর্নিংওয়াক করছেন বিদেশে, ওইজন্য Wow মোমোর মালিককে গ্রেফতার করা হয়নি। গঙ্গাধর দাসও যদি দোষী হয়ে থাকে সেক্ষেত্রে ইনিও সমানভাবে দোষী।”
আরও পড়ুন: মোদী, মমতা না রাহুল! কাকে পরবর্তী প্রধানমন্ত্রী চাইছে দেশ? সমীক্ষা বড় তথ্য
প্রসঙ্গত, নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সেই ঘটনায় আজ সকালেই WOW মোমো সংস্থার দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের নাম রাজা চক্রবর্তী, তিনি সংস্থার ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করেন। এবং অপরজন হলেন মনোরঞ্জন শটকে, তিনি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সব মিলিয়ে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াল ৩। অন্যদিকে উদ্ধার হওয়া ২১টি দেহাংশগুলি শনাক্ত করতে ডিএনএ ম্যাপিং শুরু করা হয়েছে।