মুখ্যসচিব-ডিজিকে শোকজ! মালদহ ঘটনায় সুপ্রিম কোর্টের কড়া বার্তা

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), আর এই অবস্থায় মালদহের (Malda) কালিয়াচকে তাণ্ডবের ঘটনা নিয়ে নয়া উত্তেজনা তৈরি হল রাজনৈতিক মহলে। এসআইআর- এর তালিকায় নাম নেই, এর প্রতিবাদে বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। গোটা বিষয় নিয়েই হাইকোর্ট গতকাল রাতেই চিঠি পাঠাল সুপ্রিম কোর্টে (Supreme Court)। এবার সেই ঘটনার ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস দিল আদালত।

মোথাবাড়ি ঘটনা নিয়ে তোলপাড় রাজনীতি

SIR-এর তালিকায় নাম নেই, এর প্রতিবাদে গতকাল অর্থাৎ বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে উঠেছিল যে সাতজন জুডিশিয়াল অফিসারকে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন বিক্ষোভকারীরা। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। এখানেই শেষ নয়, ১২ নম্বর জাতীয় সড়কও অবরোধ করে দেওয়া হয়েছিল। শেষে গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী।ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। এদিকে সেই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি-র কাছে রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশন। চিঠি পাঠানো হয়েছে হাইকোর্টে।

ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালেই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার বিস্তারিত তথ্য জানিয়ে একটি চিঠি দেন। সেই চিঠির কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ”আমরা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে একটি চিঠি পেয়েছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুধবার রাতেই আমাদের মধ্যে কয়েকজনকে জানানো হয়, কালিয়াচক এলাকায় বিচারকদের দুষ্কৃতীরা ঘেরাও করে রেখেছিল। রাত ২টো পর্যন্ত আমরা নজর রেখেছি। এই ঘটনা বিচারকদের উপর ভয়ের প্রভাব ফেলেছে।”

মুখ্যসচিব-ডিজিকে শোকজ সুপ্রিম কোর্টের

মালদহের কালিয়াচকের মোথাবাড়ি কাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে জানান যে, “পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত এই পদক্ষেপ শুধু বিচারকদের ভয় দেখানো নয়, এই ঘটনা আদালতকেও চ্যালেঞ্জ করছে। যা বিচারকদের মনোবল ভেঙে দিয়েছে।” এছাড়াও কালিয়াচকের ঘটনাকে কর্তব্যে গাফিলতি বলে উল্লেখ করে সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন প্রশাসনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত হবে না। কেন তাঁরা নিষ্ক্রিয় থাকলেন, তা-ও জানতে চেয়েছে শীর্ষ আদালত। এরপরই রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, মালদহের জেলাশাসক এবং পুলিশ সুপার (এসপি)-কে শোকজ করল শীর্ষ আদালত।

আরও পড়ুন: “টোটালটাই অমিত শাহ করিয়েছে..এটা বিজেপির গেম প্ল্যান” মালদাকাণ্ডে বিস্ফোরক মমতা

মালদহের এই ঘটনায় শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ, প্রয়োজনে ঘটনার তদন্ত CBI কিংবা NIA-কে দিয়ে করানো হবে। একই সঙ্গে প্রাথমিক রিপোর্টও চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে নির্বাচন কমিশনকেও কড়া ভৎর্সনা করেছে সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, জুডিশিয়াল আধিকারিকদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব। পদক্ষেপ যা করা দরকার, তা কমিশনকে করতে হবে। এমনকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গকে ‘মোস্ট পোলারাইজড স্টেট’ বলে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট।

Leave a Comment