প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে বেশ চর্চা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। কোন দল কত আসন পাবে তা নিয়ে চর্চা হয়েই চলেছে। তবে কোনরকম সুযোগ ছাড়তে চাইছে না শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। জনসংযোগ বৃদ্ধি করতে একের পর এক কর্মসূচি পরিকল্পনা করেই চলেছেন তারা। এমতাবস্থায় পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে এগিয়ে এই নিয়ে শুরু হল নয়া সমীক্ষা। আর তাতেই নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে উঠে এল বিস্ফোরক ফলাফল।
সমীক্ষায় এগিয়ে নরেন্দ্র মোদী!
আজ তকের সি ভোটার ‘মুড অফ দ্য নেশন’ ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কে সেরা সেই নিয়ে সমীক্ষা শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে যে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেকেই নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীকে ভোট দিয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, সাধারণ নাগরিকদের ৫৫ শতাংশ ভোট গিয়েছে নরেন্দ্র মোদীর ঝোলায়, অন্যদিকে ২৭ শতাংশ ভোট দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। এখানেই শেষ নয় ভারতে এখনও পর্যন্ত যে সকল প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হয়েছেন, তাঁদের মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় হিসেবে চিহ্নিত হয়েছেন নরেন্দ্র মোদি।
মোদীর ম্যাজিকে নয়া কামাল
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, যে সকল প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে ভারতবাসী বেছে নিয়েছেন তাঁদের মধ্যে নরেন্দ্র মোদীকে ৫০ শতাংশ, ইন্দিরা গান্ধীকে ১২ শতাংশ, অটলবিহারী বাজপেয়ীকে ১২ শতাংশ লোক পছন্দ করেছেন। এছাড়াও মনমোহন সিংকে ১১ শতাংশ এবং জওহরলাল নেহেরুকে ৬ শতাংশ লোক পছন্দের তালিকায় রেখেছেন। সেক্ষেত্রে সমীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগ মানুষই দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির কাজে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, যোগ্য লোক হিসেবেই দেশকে বিশ্বের মানচিত্রে অনেক উপরে তুলে নিয়ে গেছেন মোদি।
আরও পড়ুন: বাংলার থেকে এগিয়ে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা! রাজ্য অভ্যন্তরীণ উৎপাদনে পিছিয়ে পশ্চিমবঙ্গ
সি ভোটার-এর রিপোর্ট অনুযায়ী, প্রায় ৫০ শতাংশ মানুষ কেন্দ্রীয় সরকারের কাজকর্মে সন্তুষ্ট। যার মধ্যে খুব ভালো কাজ হচ্ছে বলে জানিয়েছেন ৩৬ শতাংশ মানুষ। ২১ শতাংশ মানুষ ভালো কাজ হচ্ছে বলে জানিয়েছেন। মোটামুটি বলে মতামত দিয়েছেন ১৫ শতাংশ মানুষ, ১১ শতাংশ মানুষ কেন্দ্রের কাজ খারাপ বলেছেন এবং সর্বশেষে প্রায় ১২ শতাংশ মানুষ কেন্দ্রের কাজে অসন্তোষের কথা ব্যক্ত করেছেন। বাকিরা এই বিষয়ে কোনও মন্তব্যই করতে চাননি। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছে।