বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে শেষ হয়েছে যুবসাথী প্রকল্পের (Yuva Sathi Scheme) আবেদন প্রক্রিয়া। কিন্তু তা হলেও পশ্চিমবঙ্গ সরকারের এই বিশেষ প্রকল্প নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবেদনকারীদের মনে। আবেদন করার পরও বেশ কিছু সংশয় নিয়েই দিন কাটাতে হচ্ছিল তাঁদের। অবশেষে সেই সবদিক মাথায় রেখেই সমস্যার সমাধানের লক্ষ্যে এবার সরাসরি যুবসাথী প্রকল্পের হেল্পডেস্ক চালু করল নবান্ন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন হেল্পডেস্ক চালু করার খবর জানানো হয়েছে।
আপনার সব প্রশ্নের উত্তর মিলবে এক নম্বরেই
নবান্নর তরফে নির্দেশিকায় বলা হয়েছে, এবার যুবসাথী প্রকল্প নিয়ে যেকোনও ধরনের প্রশ্নের উত্তর অর্থাৎ সমাধান পেতে নির্দিষ্ট মোবাইল নম্বর 6292248888 এ whatsapp করতে পারবে না আবেদনকারীরা। এই এক নম্বর থেকেই আবেদনকারীরা নিজেদের যুবসাথী প্রকল্পের আবেদন সংক্রান্ত সমস্ত রকমের প্রশ্নের উত্তর পেতে পারেন। নবান্ন সূত্রে খবর, শনি এবং রবিবার ও সরকারি ছুটির দিনগুলি বাদ দিয়ে প্রত্যেকদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে রাজ্য সরকারের এই বিশেষ হেল্পডেস্ক।
এই হোয়াটসঅ্যাপ নম্বর ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব দপ্তরের তরফে জানানো হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধানের জন্য সরকারের তরফে দেওয়া নির্দিষ্ট ইমেল আইডিতে মেইল করে সমস্যা সমাধান করতে পারেন আবেদনকারীরা। সব মিলিয়ে বলাই যায়, যুবসাথী নিয়ে আবেদনকারীদের সব রকম সমস্যার সমাধান সূত্র খুঁজে দিল পশ্চিমবঙ্গ সরকার।
অবশ্যই পড়ুন: যুদ্ধের আবহে পাকিস্তানে অভিযান মোসাদের? ইজরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
উল্লেখ্য, গত 26 ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্পে মোট জমা পড়েছিল 84 লাখ আবেদন। এরমধ্যে অফলাইনে আবেদন জমা পড়েছে 64 লাখ। বাকি আবেদন অনলাইনে পোর্টালের মাধ্যমে জমা করেছিলেন আবেদনকারীরা। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলি থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে এই প্রকল্পে।