রবিতেও কালবৈশাখীর সতর্কতা রাজ্যে! অ্যালার্ট ৬ জেলায়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তের শুরু থেকেই রাজ্য দুর্যোগের ঘনঘটা লেগেই রয়েছে। মাঝে কয়েকদিন বৃষ্টি কমলেও ফের গত দু’দিন ধরে দক্ষিণবঙ্গে (South Bengal) বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে ঝড়ের দাপট দেখেছে রাজ্য। তার সঙ্গে আবার দল বেঁধেছে শিলা বৃষ্টিও। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকালও (Weather Tomorrow) বেশ কয়েক জায়গায় কালবৈশাখী এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা নিম্নচাপ অক্ষরেখা হিসাবে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। সেই সঙ্গে আর একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। এই দুয়ের প্রভাবে গতকাল রাত থেকে অনেকটাই ঝড়বৃষ্টি হয়েছে রাজ্যে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল বৃষ্টির দাপট কিছুটা কম থাকতে পারে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া এই ছয় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়। অন্যদিকে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় সোমবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আশা করা যাচ্ছে আগামী বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর পর প্রবীণদের জন্যও বড় ঘোষণা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি দুর্যোগ দেখা দিয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ উত্তরবঙ্গেও সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টিও হবে কোথাও কোথাও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই ৫ জেলায় বৃষ্টি ও ঝড়ের প্রভাব বেশি থাকবে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। অন্যদিকে আবার পাহাড়ে ধস নামার সতর্কতাও জারি করা হয়েছে।

Leave a Comment