রাজীব কুমারের পর রাজ্যের ডিজি কে? UPSC-কে ১০ জনের নাম পাঠাল নবান্ন

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য পুলিশের পরবর্তী DG কে হবেন তাই নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। UPSC এবং রাজ্যের এই দীর্ঘদিনের টানাপড়েন মাঝে শেষে কড়া বার্তা দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল বা CAT। আর সেই নির্দেশ মেনেই গতকাল অর্থাৎ ২৩ জানুয়ারি, শুক্রবারের মধ্যে ডিজিপি এমপ্যানেলমেন্ট সংক্রান্ত প্রস্তাব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে ১০ জনের নাম পাঠাল নবান্ন (Nabanna)।

CAT এর নির্দেশ মানল রাজ্য

উল্লেখ্য, রাজীব কুমারের পর রাজ্য পুলিশের ডিজি পদে কে বসছেন সেই নিয়ে রাজ্যকে ২৩ জানুয়ারির মধ্যে নামের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা CAT। বলা হয়েছিল পরবর্তী ডিজি হিসেবে প্রস্তাবিত পুলিশকর্তাদের নামের তালিকা জমা দিতে হবে UPSC-র কাছে। এবং পরবর্তী কয়েকদিনের মধ্যেই UPSC আলোচনার মাধ্যমে প্যানেল তৈরি করবে এবং তা রাজ্যকে পাঠানো হবে। আর এই গোটা প্রক্রিয়া ২৯ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে বলে জানানো হয়েছে। স্থানিয় রিপোর্ট মোতাবেক অবশেষে নির্দেশিকা মেনে ১০ জনের নামের তালিকা পাঠাল নবান্ন।

DGP নিয়োগ ঘিরে জটিলতা

আসলে, রাজ্যের পরবর্তী DGP কে হবেন, সেই নিয়োগ নিয়ে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। রাজ্যে ডিজিপি পদের জন্য রাজ্য সরকারকে অন্তত তিন মাস আগেই ইউপিএসসি-র কাছে প্রস্তাব পাঠাতে হয়। কিন্তু ২০২৫ সালের ১৬ জুলাই ইউপিএসসি-কে প্রস্তাব পাঠায় রাজ্য। আর এই দেরি নিয়েই শুরু হয় প্রশাসনিক ও রাজনৈতিক বিতর্ক। পাঠানো নামের তালিকা আগেই ফেরত পাঠিয়েছিল UPSC। রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যেতে বলেছিল UPSC। আর এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে ক্যাটের দ্বারস্থ হন রাজেশ কুমার। এরপর শুনানিতে ক্যাট জানিয়েছিল, রাজ্য যে দেরি করেছে তার দায় UPSC-র নয়, কিন্তু তার ফল কোনও অফিসারকে ভোগ করতে বাধ্য করা যাবে না। তার পরেই নামের তালিকা পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: দার্জিলিংয়ের টয় ট্রেনে জুড়ছে ব্রিটিশ আমলের ঐতিহ্য, নতুন অভিজ্ঞতা পাবেন পর্যটকরা

প্রশাসনিক মহলের ধারণা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ওরফে ক্যাটের নির্দেশ মেনে রাজ্য সরকার যে ১০ জনের নামের প্রস্তাব পাঠিয়েছে, সেই তালিকায় রাজীব কুমারের নামও থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও সেই নিয়ে এখনও কিছু মতামত জানানো হয়নি নবান্ন থেকে। এদিকে বর্তমান ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের কর্মজীবন শেষ হতে চলেছে আগামী ৩১ জানুয়ারি। তাই তার আগেই আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায়, বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য পুলিশ। এখন দেখার, UPSC-র চূড়ান্ত প্যানেল থেকে রাজ্যের পরবর্তী ডিজি হিসেবে শেষ পর্যন্ত কে হয়।

Leave a Comment