সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জটিল হয়ে উঠেছে যে রাজ্য পুলিশের ডিজি-কে এবার শোকজ করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। জানা গিয়েছে, এসআইআর-র কাজে যুক্ত কর্মীদের ভয় দেখানো হয়েছিল। সেই কারণেই সুপ্রিম কোর্টের বড়সড়ো পদক্ষেপ। আদালত রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডের কাছ থেকে ব্যক্তিগত হলফনামা চেয়েছে। আর সেখানে তাঁর আচরণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনে ভাঙচুরের অভিযোগের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তার কারণ জানাতেও বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিরাট পদক্ষেপ
বলাবাহুল্য, গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল বাংলা জুড়ে এসআইআর প্রক্রিয়া। তারপর টানা একমাস ধরে চলে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ। এখন চলছে শুনানি। তবে প্রথম দিন থেকেই নির্বাচন কমিশনকে নিশানা করে আসছে রাজ্যের শাসক দল। বিভিন্ন জায়গায় গন্ডগোলের ছবিও সামনে আসছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন রকম জটিলতাও হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এসআইআর-র কাছে নিযুক্ত অফিসারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আর বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনাও ঘটে।
এদিকে ১৯ জানুয়ারি দেশের শীর্ষ আদালত রাজ্য পুলিশের ডিজি-কে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য নির্দেশ দিয়েছিল। তবে কমিশন অভিযোগ করছে, সেই নির্দেশ কার্যকর হয়নি। হুমকি, হিংসা আর ভয় দেখিয়ে এসআইআর প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করা হয়েছিল। সবথেকে বড় ব্যাপার, অভিযুক্তদের বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপে নেওয়া হয়নি। সেই কারণেই সোমবার শুনানিতে রাজ্য পুলিশের ডিজি-কে শোকজ করেছে দেশের সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন: মমতার পর এবার অভিষেকও SIR নিয়ে লিখলেন কবিতা, ভাইরাল পোস্ট
এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট বলেন, নির্বাচন কমিশন দ্বারা দাখিল করা পাল্টা হলফনামায় অভিযোগ করা হয়েছে যে, নির্বাচন কমিশনের অভিযোগ সত্ত্বেও কোনওরকম এফআইআর দায়ের করা হয়নি ফর্ম পোড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে। সিনিয়র অ্যাডভোকেট গুরুস্বামী এর তীব্র বিরোধিতা করেছেন। এমনকি রাজ্য পুলিশের ডিজি-কে কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে হলফনামায়। এখন দেখার তাঁর প্রতিক্রিয়া কী হয়।