রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই কী বাজেটে সুদিন ফিরল না কলকাতা মেট্রোর?

Investment on Kolkata Metro project work after budget-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার, সংসদে নবমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে সেই বাজেটে খুব একটা সুদিন খুঁজে পায়নি কলকাতা মেট্রো (Kolkata Metro)। বাজেট প্রকাশের পর কলকাতা মেট্রোর পার্পল লাইন অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড অংশে বরাদ্দ হয়েছে 906.6 কোটি টাকা। গত বাজেটের তুলনায় সেই অংকটা মাত্র 5.6 কোটি বেশি। এদিকে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো করিডোর অর্থাৎ অরেঞ্জ লাইনে বরাদ্দ করা হয়েছে 705.5 কোটি টাকা। গত বছর যা ছিল 720 কোটি। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর এবছর পেল 529 কোটি টাকা। গত বাজেটের তুলনায় এ বছর বরাদ্দ বাড়ল 29 কোটি। তা সত্বেও একটা বড় অংশের অভিযোগ, কলকাতা মেট্রোকে বাজেটে গুরুত্বের তালিকায় একপ্রকার শেষের দিকেই রেখেছে সরকার।

কেন বাজেটে কম বরাদ্দ পেল কলকাতা মেট্রো?

কেন্দ্রীয় বাজেটে কলকাতা মেট্রোকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর কারণ হিসেবে মেট্রো আধিকারিকদের অনেকেরই দাবি, শহর কলকাতার বিভিন্ন অংশে আটকে রয়েছে মেট্রো প্রকল্পের কাজ। এই যেমন চিংড়িঘাটা লাইনে অর্থাৎ অরেঞ্জ লাইনের মাত্র 366 মিটার অংশের কাজ বেশ কিছু জটিলতার জন্য আটকে রয়েছে। ওই অংশের ট্রাফিক ব্লক না হলে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, এ নিয়ে বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হলেও কাজের কাজ হয়নি। কলকাতা হাইকোর্টেও বেশ কয়েকবার ভৎসনার শিকার হতে হয়েছে রাজ্যকে!

অনেকেই মনে করছেন, কলকাতার বিভিন্ন অংশে মেট্রো প্রকল্পের কাজ আটকে রয়েছে নানান রকম জটিলতার কারণে। তা নিয়ে রাজ্য সরকারের টালবাহানা দেখতে হচ্ছে রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে। আর এই কারণেই কলকাতা মেট্রোতে সে অর্থে বাড়ান হলো না বরাদ্দ। এক কথায়, রাজ্যের গড়িমশির কারণেই নাকি অধিক বরাদ্দ পায়নি কলকাতা মেট্রো। যদিও মেট্রোর ইয়েলো লাইনে ঠিক কত অর্থ বরাদ্দ করা হয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি।

অবশ্যই পড়ুন: ভারতের ম্যাচ বয়কটে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে পাকিস্তানের! বলে দিল ICC

বলাই বাহুল্য, 2024-25 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে অরেঞ্জ লাইনে বরাদ্দ করা হয়েছিল একেবারে 1719.3 কোটি টাকা। 2026-27 আর্থিক বছর অর্থাৎ মাত্র এক বছরের গ্যাপে সেই বরাদ্দ এক ধাক্কায় কমে 705.5 কোটি টাকায় নেমে যাওয়ার কারণ হিসেবে রাজ্যে আটকে থাকা বিভিন্ন মেট্রোর কাজকেই দায়ী করছেন মেট্রো রেলের আধিকারিকরা। রাজ্য তথা কলকাতার বুকে মেট্রো প্রকল্পে বরাদ্দ না বাড়ার সবচেয়ে বড় কারণ হিসেবে বিভিন্ন মেট্রো প্রকল্পের কাজে জট কাটাতে রাজ্যের অসহযোগিতাকে দায়ী করা হচ্ছে।

Leave a Comment