রামনবমীর মিছিলে গেরুয়াময় ভবানীপুর, বাংলায় ‘রাম রাজ্য’ আনার শপথ শুভেন্দুর

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ, রাম-নবমী। তাই সকাল থেকেই জেলায় জেলায় র‌্যালির প্রস্তুতি চলছে। এদিকে আজ ভবানীপুরে (Bhowanipore) প্রথমবার রাম নবমীর মিছিল শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কারণ এবার আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) খাস তালুক ভবানীপুরে লড়ছেন শুভেন্দু। তাই গেরুয়া পাগড়ি পড়ে সেই হাইভোলটেজ কেন্দ্র থেকে খোল কর্তাল, কীর্তনিয়া, জয় শ্রীরাম স্লোগান দিয়ে ময়দানে নামলেন বিরোধী দলনেতা।

ভবানীপুরে রামনবমীর শোভাযাত্রা শুভেন্দুর

রিপোর্ট মোতাবেক, আজ, বৃহস্পতিবার, সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছে। আর ঠিক একই ভাবে ভবানীপুরে এদিন গেরুয়া রং ছড়িয়ে গেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের অনুগামী, কর্মীদের সঙ্গে গেরুয়া পতাকা হাতে নিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন। রাস্তার দু’পাশে ভিড় জমেছে বেশ। মিছিলের মাঝেই শুভেন্দু অধিকারী কয়েকটি বাড়িতে ঢুকেও পড়েন। এদিন মিছিলে হাঁটতে হাঁটতে শুভেন্দু বলেন, “বাংলায় এবার রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। মেয়েদের সুরক্ষা নিশ্চিত হবে। যুবক যুবতীরা এই বাংলাতেই কাজ পাবেন। ভিন রাজ্যে কাজের খোঁজে যেতে হবে না”।

২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে

মমতা বন্দ্যোপাধ্যায় হোম গ্রাউন্ড ভবানীপুরে তাঁকে পর্যুদস্ত করতে উঠে পরে লেগেছে শুভেন্দু অধিকারী। যদিও আজ মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় নেই, ভোটের প্রচারের জন্য তিনি পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে রয়েছেন। তবে প্রশাসনিক নজরদারির কাজ থেমে নেই। ভোটের মুখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গতকাল, বুধবার নবান্নে বিশেষ বৈঠক করেছিল উচ্চপদস্থ আধিকারিকরা। এমনকি যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলার পাশাপাশি স্পর্শকাতর এলাকায় কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

৩ হাজার পুলিশ মোতায়েন শোভাযাত্রায়

নাম প্রকাশ্যে অনিচ্ছুক রাজ্য প্রশাসনের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, “যদি কোনো মিছিল নিয়ম ভঙ্গ করে, তা সঙ্গে সঙ্গে বন্ধ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবেদনশীল এলাকা যেমন হাওড়া, চন্দননগর ও ইসলামপুরে বিশেষ নজরদারি চলবে। প্রয়োজনে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।” উল্লেখ্য, জেলায় জেলায় আজ থেকে রবিবার পর্যন্ত রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তার দায়িত্বে রাজ্যে মোট ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: বিজেপি এই কাজ করলে সব প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল, ঘোষণা অভিষেকের

নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এবং প্রতিটি মিছিলে সর্বোচ্চ ৫০০ জনের অংশগ্রহণ সীমিত করা হয়েছে। এদিকে, রাজ্যের সচিবালয় নবান্নের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহানির্দেশক (ডিজিপি), এডিজি (আইন-শৃঙ্খলা) সহ বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত রয়েছে। অন্যদিকে কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত অঞ্জনিপুত্র সেনার রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

Leave a Comment