রাহুলের মৃত্যুতে নয়া মোড়, এবার বড় পদক্ষেপ নিতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: অভিনেতা রাহুল ব্যানার্জির মৃত্যুর (Rahul Arunoday Banerjee Death) ঘটনায় নয়া মোড়! এবার প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টেসের বিরুদ্ধে FIR করতে চলেছেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। জানা গিয়েছে খুব শীঘ্রই নোটিস পাঠাতে চলেছে আর্টিস্ট ফোরাম (Artist Forum)। তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে টলি পাড়ায়।

প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে ফোরামের বৈঠক

অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে প্রযোজনা সংস্থার তরফে শুরু থেকেই গাফিলতি এবং বক্তব্যে অসঙ্গতি ছিল বলে অভিযোগ৷ ড্রোন শটের সমস্ত দায়ভার রাহুলের উপর দিয়েছিলেন “ভোলে বাবা পার কারেগা” সিরিয়ালের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছিল শিল্পীদের সুরক্ষার অভাব নিয়ে। গোটা ইউনিটের সামনে কীভাবে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে গেলেন অভিনেতা? সেই নিয়েই গতকাল অর্থাৎ মঙ্গলবার আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ চ্যাটার্জির বাড়িতে ফোরামের সদস্যরা একটি বৈঠক করেন। যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার। দীর্ঘক্ষণ চলে সেই বৈঠক। আর এবার আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ফোরাম।

FIR করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার

রিপোর্ট সূত্রে খবর, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে নোটিস পাঠিয়ে জবাবদিহি করতে বলা হবে প্রযোজনা সংস্থাকে। জবাবদিহি করতে না পারলে প্রযোজনা সংস্থার সঙ্গে আর্টিস্ট ফোরামের সদস্যরা কাজ করবেন না৷ এদিকে আজ, বুধবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। যদিও এই বিষয় আর্টিস্ট ফোরাম বা প্রিয়াঙ্কা সরকারের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০ থেকে ১২ জনকে জেরা করেছে পুলিশ। তার মধ্যে রয়েছেন শুটিং ইউনিটের সদস্যরা, ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, এমনকি রাহুল যে হোটেলে উঠেছিলেন, সেখানকার কর্মীরাও। তথ্য পাওয়া যাচ্ছে একাধিক, কিন্তু তাতে পরিপূর্ণ মিল নেই।

প্রযোজনা টিমের বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। বেশি পরিমাণে বালি ঢুকে যাওয়ার অভিনেতার ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ যে সময় তিনি ডুবে গিয়েছিলেন প্রচুর পরিমাণ জল এবং বালি তাঁর ফুসফুসে চলে যায়। খাদ্যনালী এবং শাস নালীর মধ্যেও বালি এবং জলের উপস্থিতি পাওয়া গিয়েছে। এদিকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তালসারি মেরিন পুলিশ স্পষ্ট জানিয়েছিল যে, শুটিংয়ের জন্য কোনও পুলিশি অনুমতি নেওয়া হয়নি, এমনকি থানাকেও জানানো হয়নি। তাই প্রযোজনা টিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে।

আরও পড়ুন: ট্যাক্স হলিডে, সস্তায় বিদেশ ভ্রমণ! নতুন আয়কর আইনে কী কী বদল এল? জেনে নিন

রাহুলের মৃত্যুর পর তাঁর বাড়িতে গিয়েছিলেন অভিনেতা ঋদ্ধি, কৌশিক ও রেশমি সেন। কৌশিক সেনের কথায়, ” আমাদের একটা সংগঠন আছে, আর্টিস্ট ফোরাম, সেটা দায়িত্ব এড়াতে পারে না। আমরাও পারি না। কাউকে দোষারোপ করছি না। আমরাও এর সদস্য। কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য জানতে হবে। আর্টিস্ট ফোরামের এটা দায়িত্ব রাহুলের কেন এমন হল সেটা খুঁজে বের করা। এমন যদি পুনরায় ঘটে তাহলে নিরাপত্তার জন্য কী থাকবে?”

Leave a Comment