রিঙ্কু সিংকে সহ অধিনায়ক করে চমক দিল KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সব ঠিক থাকলে আগামী 28 মার্চ থেকেই শুরু হয়ে যাবে বহু অপেক্ষিত এই টি-টোয়েন্টি লিগ। কাজেই হাতে আর মাত্র তিনটে দিন। এরই মাঝে সহ অধিনায়ক এর নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এ বছর KKR এর সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ভারতীয় তারকা রিঙ্কু সিংকে।

KKR এর সহ অধিনায়ক হলেন রিঙ্কু

গতবছর কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে ব্যাট হাতে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি এই ভারতীয় অলরাউন্ডার। বল হাতে তো দেখাই যায়নি তাঁকে। যার কারণে নতুন সিজনের আগেই এই প্লেয়ারকে বিদায় দিয়েছে কলকাতা। যদিও এই মুহূর্তে নাইট শিবিরে রয়েছেন দুজন দাপুটে ক্রিকেটার। অনেকেই ভেবেছিলেন সুনীল নারিন এবং ক্যামেরুন গ্রিনের মধ্যে যেকোনও একজনকে সহ অধিনায়ক করতে পারে কলকাতা।

কেননা, দীর্ঘদিন শাহরুখ খানের দলে রয়েছেন নারিন। বর্তমানে এই দলটা একেবারে পরিবারের মতো হয়ে গিয়েছে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের। এর আগে কলকাতাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে নারিনের। অনেকেই ভেবে বসেছিলেন এ বছর সহ অধিনায়কের দায়িত্বটা এই প্লেয়ারের উপরই ছাড়বে KKR ম্যানেজমেন্ট।

অবশ্যই পড়ুন: এপ্রিলে ঢুকবে না যুবসাথীর টাকা? বড় খবর

এদিকে কিছু সূত্র আবার দাবি করছিল, KKR এর নতুন সদস্য ক্যামেরন গ্রিন এবছর কলকাতার সহ অধিনায়ক হওয়ার দাবিদার। অস্ট্রেলিয়ান তারকা ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই পারদর্শী। সবচেয়ে বড় কথা এ বছর শাহরুখের দলের সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। তাই তাঁকেই করা হতে পারে ভাইস ক্যাপ্টেন। তবে সেই ধারণা বদলে দিল KKR। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রিঙ্কুকে সহ অধিনায়ক করলো শাহরুখ খানের দল।

প্রসঙ্গত, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেভাবে হাত খুলতে পারেননি ভারতীয় তারকা। বিশ্বকাপের মাঝেই বাবাকে হারাতে হয়েছিল তাঁকে। তবুও জন্মদাতার শেষকৃত্য সম্পন্ন করে ফাইনালের আগে জাতীয় শিবিরে যোগ দিয়েছিলেন রিঙ্কু। এবার সেই প্লেয়ারকেই নতুন অধ্যায় অর্থাৎ সহ অধিনায়কের দায়িত্ব সামলানোর নির্দেশ খোদ শাহরুখ খানের! এখন দেখার সেই ভূমিকায় নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন তিনি।

Leave a Comment