রেডি রাখুন ছাতা, বিকেলেই দমকা হাওয়া সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গের(South Bengal Weather) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। গরমে হাঁসফাঁস করছেন বাচ্চা থেকে বয়স্ক সকলেই। যদিও কাজের তাগিদে কাঠফাটা রোদে সকলকেই বেরোতে হচ্ছে। চলতি এপ্রিল মাসের শুরুতেই গরম কাকে বলে তা ভালো মতোই টের পাওয়া যাচ্ছে বৈকি। তাহলে কি আর বৃষ্টি হবে না? গরম আরও বাড়বে? চিন্তা নেই, স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তীব্র ও ভ্যাপসা গরমের মাঝেই আজ শনিবার থেকে বাংলাজুড়ে ঝড়, বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। বৃষ্টির ভ্রূকুটি রয়েছে কলকাতাতেও। আজ দুপুর বা বিকেলের পর থেকেই আবহাওয়ার রূপ বদলে যাবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বিকেলে ধেয়ে আসছে বৃষ্টি

হাওয়া অফিসের তরফে, বাংলায় ধেয়ে আসছে স্কোয়াল ফ্রন্ট। এর সরাসরি প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ৬ থেকে ১০ই এপ্রিলের মধ্যে বাংলায় দফায় দফায় ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। আজ শনিবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা হাওয়াও।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন, এপ্রিলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

এরপর আগামীকাল রবিবার ৫ এপ্রিল হেকে বাংলাজুড়ে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। আবহাওয়া অফিস বুলেটিন জারি করে জানিয়েছে, বেশি প্রভাব পড়তে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এরপর ৭ এপ্রিল মঙ্গলবার থেকে বাংলার জেলায় জেলাউ ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর মৌসম ভবন।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। বৃষ্টি চলবে রবিবারেও। তবে গরম আগামী দিনে আরও বাড়বে , বৃষ্টি হলেও গরম থেকে মুক্তি পাওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ গরম, ঝড়, বৃষ্টি সব একসঙ্গে চলবে।

Leave a Comment