বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নামের আগে বসতে চলেছে ডক্টর উপাধি। হ্যাঁ জানা যাচ্ছে, পুনের অজিঙ্কা ডিওয়াই পাতিল ইউনিভার্সিটির তরফে রোহিত শর্মাকে সাম্মানিক ডক্টরেট বা ডি.লিট সম্মান দেওয়া হবে। আগামীকাল অর্থাৎ শনিবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিটম্যানকে বিশেষ সম্মানে ভূষিত করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত পুনের বিশ্ববিদ্যালয়ের?
হঠাৎ কেন রোহিতকেই বিশেষ সম্মান পুনের বিশ্ববিদ্যালয়ের?
বেশ কয়েকটি রিপোর্ট ঘেঁটে জানা গেল, ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার অতুলনীয় অবদান এবং সফল নেতৃত্বের জন্য তাঁকে ডিলিট উপাধিতে ভূষিত করবে পুনের ডিওয়াই পাতিল ইউনিভার্সিটি। আগামীকাল, সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও চ্যান্সেলর ডক্টর অজিঙ্কা ডিওয়াই পাতিল।
ওই ইউনিভার্সিটির তরফে ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “ভক্তদের কাছে তিনি হিটম্যান। তবে এই সমাবর্তন রোহিত শর্মার উজ্জল ক্রিকেট কেরিয়ারের এক অন্যতম মাইলফলক হয়ে থাকবে। ক্রিকেট জগতে তাঁর অসামান্য অবদান ও বিশ্বমঞ্চে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য ডি.লিট সম্মান দেওয়া হবে তাঁকে।” জানা যাচ্ছে, এদিন ভারতীয় মহাতারকা রোহিত শর্মার পাশাপাশি সমাজের জন্য অবদান রেখেছেন এমন বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে বিশেষ সম্মানে ভূষিত করবে পুনের ওই বিশ্ববিদ্যালয়।
অবশ্যই পড়ুন: চিতাভষ্ম রয়েছে এই মন্দিরে, জন্মবার্ষিকীতে নেতাজির মৃত্যুর আসল কারণ জানালেন মেয়ে অনিতা
উল্লেখ্য, ভারতের হয়ে নিজের উজ্জ্বল ক্রিকেট কেরিয়ারে একাধিক সফলতা দেখেছেন রোহিত শর্মা। ভারতের অন্যতম সফল অধিনায়ক তিনি। তাঁর নেতৃত্বে দু দুটি ICC ট্রফি জিতেছে ভারত। 2024 সালে ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন হিটম্যান। সেই আসরেই জগৎসভায় শ্রেষ্ঠ আসন দখল করেছিল ভারত। এ ছাড়াও গত বছরের শুরুতেই রোহিতের কাঁধে ভর করেই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ভারত। এছাড়াও ঘরে বাইরে বহু সিরিজে ভারতের জয়ের নেপথ্য কারণ হয়ে রয়েছেন রোহিত।
বলে রাখা প্রয়োজন, 38 বছর বয়সী এই ক্রিকেটার নিজের আন্তর্জাতিক কেরিয়ারে মোট 508টি ম্যাচ খেলেছেন। সেই সূত্রে, তিন সংস্করণ মিলিয়ে 20 হাজারেরও বেশি রান রয়েছে হিটম্যানের। শুধু তাই নয়, রোহিত শর্মার নামে 111টি হাফ সেঞ্চুরি এবং 50টি সেঞ্চুরিও রয়েছে। সবচেয়ে বড় কথা, রোহিত শর্মাই বিশ্বের একমাত্র প্লেয়ার যিনি সবচেয়ে বেশি ছয় মেরেছেন।।