লক্ষ্মীর ভান্ডার থেকে ডিএ, পেনশন! এবারের বাজেটে বড় চমক দিতে পারে রাজ্য সরকার

West Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন, তাইতো বেশ ব্যস্ততা চলছে রাজ্য রাজনীতিতে। এমতাবস্থায় রাজ্যে (West Bengal) বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। কবে এই বাজেট অধিবেশন হবে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হতে চলেছে।

কবে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ?

সরকারি সূত্র অনুযায়ী, দীর্ঘ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। আর এটিই হবে বর্তমান সরকারের শেষ অধিবেশন এবং এই অধিবেশনেই পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। অবশেষে কেন্দ্রের বাজেটের ঠিক পরের দিন, ২ ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফে বাজেট পেশ করতে চলেছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে, এবারের বাজেটে নজর থাকবে লক্ষ্মী ভান্ডার, ডিএ, পে কমিশন, পেনশন। সেক্ষেত্রে প্রসঙ্গ উঠছে রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা।

আরও পড়ুনঃ ২৬ জানুয়ারির আগে এই কাজ করলেই গ্যাসে মিলবে ৩০০ টাকা ভর্তুকি!

বাড়ানো হবে কি DA?

এইমুহুর্তে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতার পরিমাণের ব্যবধান বিরাট। রাজ্য সরকারি কর্মচারীরা এখন ১৮% হারে ডিএ পান। তাও আবার ষষ্ঠ বেতন কমিশনে! অন্যদিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করে ফেলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ পৌঁছে গিয়েছে ৫৮ শতাংশে। যার ফলে বেশ ক্ষুব্ধ কর্মীরা। এমতাবস্থায় আশঙ্কা করা হচ্ছে কর্মীদের ভোট সংগ্রহের তাগিদেই হয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের DA বৃদ্ধি করতে পারে। এছাড়াও এই বাজেটে নতুন প্রকল্প চালুর পাশাপাশি বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে থাকতে পারে।

আরও পড়ুন: নজরে GST প্রতারণা, কলকাতার ৭ জায়গায় একযোগে হানা ED-র

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন নিয়ে আসর যেন জমে উঠেছে। তবে এই অধিবেশনে বিরোধী দলের ভূমিকাও নজর কাড়বে বলে অনুমান করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল কী ধরনের কৌশল নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে সরকারকে আক্রমণ করতে পারে বলে ধারণা। সব মিলিয়ে, আসন্ন বাজেট অধিবেশন হয়তো নির্বাচনের আগে রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে পারে।

Leave a Comment