লিভ-ইন যুগলদের বিবাহিত বলে ধরা হবে, জনগণনা নিয়ে বড় সিদ্ধান্ত

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে দেশের অষ্টম জনগণনা বা সেনসাস (2027 Census of India)। কিন্তু এবারের বিশেষত্ব হল, এটি হবে ভারতের সম্পূর্ণ ডিজিটাল আদমশুমারি। সরকার জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়ায় বাড়িঘর থেকে শুরু করে ব্যক্তিগত পেশা, শিক্ষা এবং জীবনযাত্রার মান নিয়ে একাধিক তথ্য সংগ্রহ করা হবে। রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিশাল কর্মযজ্ঞ সামাল দেওয়ার জন্য প্রায় ৩০ লক্ষ তথ্য সংগ্রহকারী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে।

প্রথম পর্বে করা হবে ৩৩টি প্রশ্ন

উল্লেখ্য, ১ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম পর্যায়ের সেনসাসে মূলত হাউস লিস্টিং বা বাড়িঘরের তালিকাভুক্তিকরণ করা হবে। এই পর্বে প্রতিটি পরিবারকেই মোট ৩৩টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল বাড়ি কী দিয়ে তৈরি অর্থাৎ ইট, পাথর নাকি সিমেন্ট। মালিকানা বা বাড়িতে কতজন সদস্য রয়েছেন, পানীয় জলের উৎস, শৌচাগারের ব্যবস্থা এবং রান্নার জন্য কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়। এছাড়া বাড়িতে ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনের মত ইলেকট্রনিক সরঞ্জামের তথ্য। এছাড়া পরিবারে সাইকেল, বাইক বা চার চাকার গাড়ি রয়েছে কিনা এই সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে।

লিভ-ইন যুগলদের নিয়ে বিরাট সিদ্ধান্ত

উল্লেখ্য, এবারের ডিজিটাল সেনসাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল লিভ-ইন কাপলদের অবস্থান। হ্যাঁ, সরকারি পোর্টালের ফ্রিকোয়েন্টলি আক্সড কোশ্চেন সেকশনে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোনই লিভ-ইন যুগল যদি নিজেদের সম্পর্ককে স্থিতিশীল কিংবা স্থায়ী বলে বর্ণনা করে থাকেন, তাহলে তথ্য সংগ্রহের সময় তাদের বিবাহিত হিসেবে গণ্য করা হবে। সামাজিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: এপ্রিল মাসে ছুটি আর ছুটি! কবে কবে বন্ধ স্কুল-কলেজ-অফিস, ব্যাঙ্ক? জেনে নিন

বলাবাহুল্য, এবার দুটি ধাপে জনগণনা হবে। প্রথম ধাপে অর্থাৎ ১ এপ্রিল থেকে বাড়িঘরের তালিকা, পারিবারিক সম্পদের খতিয়ান জানা হবে। আর দ্বিতীয় ধাপে মূল জনগণনা হবে। সেক্ষেত্রে ব্যক্তির নাম, বয়স, লিঙ্গ, শিক্ষা, ধর্ম, পেশা, বিবাহিত অবস্থা ইত্যাদি জানতে চাওয়া হবে। আর আগামীকাল থেকে নির্দিষ্ট আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। সেই তালিকায় রয়েছে দিল্লি, গোয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিজোরাম, ওড়িশা এবং সিকিম। আর পর্যায়ক্রমে পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলোতেও এই কাজ শুরু করা হবে।

Leave a Comment