সৌভিক মুখার্জী, পূর্ব বর্ধমান: ভোটার তালিকা থেকে নাম বাদ গেল আর এক তৃণমূল পঞ্চায়েত প্রধানের। এবারের ঘটনা পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র। হ্যাঁ, পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার এই বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই রাজনৈতিক মহলে পড়েছে শোরগোল। অভিযোগ উঠছে, মেড়তলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাসের নাম এবার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
ভোটার তালিকা থেকে বাদ পঞ্চায়েত প্রধানের নাম
স্থানীয় সূত্র অনুযায়ী খবর, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের অন্তর্গত মেড়তলা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান সন্তোষী দাস চন্ডিপুর বুথ থেকে গত বছর নির্বাচিত হয়েছিলেন। তবে শনিবার দুপুরবেলা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বুথ লেভেল অফিসারদের হাতে সেই তালিকা পৌঁছনোর পর দেখা যায়, তাঁর নামের পাশে স্পষ্টভাবে “DELETED” লেখা রয়েছে। অর্থাৎ, তাঁর নাম তালিকা থেকে বাদ পড়েছে। আর এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি রাজনৈতিক মহলেও ছড়িয়েছে জল্পনা।
বলাবাহুল্য, প্রায় মাসখানেক আগে স্থানীয় কিছু বাসিন্দা সন্তোষী দাসের নাগরিকত্ব নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। অভিযোগ ওঠে, তিনি নাকি বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশ থেকে এখানে এসেই তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়েছেন। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি। তবে স্থানীয় বাসিন্দা গৌতম মন্ডল বিষয়টি নিয়ে কালনার মহকুমা শাসক আর পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে সূত্র মারফৎ খবর। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি জানানো হয়নি। এই ঘটনা প্রসঙ্গে সন্তোষী দাস বলেন, নতুন ভোটার তালিকা এখনও পর্যন্ত হাতে পাইনি। বিষয়টি না দেখে কোনও রকম মন্তব্য করতে চাইছি না।
আরও পড়ুন: ভোটার তালিকা থেকে নাম বাদ তৃণমূলের ‘বাংলাদেশি’ পঞ্চায়েত প্রধান শ্রাবন্তী মণ্ডলের
এদিকে পূর্ব বর্ধমানের কালনার ১ নম্বর ব্লকের আরও এক পঞ্চায়েত প্রধানের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে। জানা যায়, কালনা ১ নম্বর ব্লকের হাটকানলা পঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী মন্ডলের নামের উপরও স্পষ্টভাবে লেখা “DELETED”। অর্থাৎ, তাঁর নামও তালিকা থেকে বাদ পড়েছে। আর তিনি মুক্তারপুর আসন থেকে নির্বাচিত হয়েই পঞ্চায়েত প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। মাসখানেক আগে তাঁকেও বাংলাদেশি সন্দেহ করা হয়। কিন্তু এ বিষয়ে শ্রাবন্তী মন্ডল এখনও পর্যন্ত মুখ খোলেনি।