সহেলি মিত্র, কলকাতাঃ আকাশ কখনও মেঘলা তো কখনও রোদ ঝলমলে থাকবে। যদিও আজ বা আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই বলে খবর। অন্যান্য দিনের মতো আজ শুক্রবারও ভোর থেকে বেশ শীত টের পাওয়া যাচ্ছে। যদিও বেলা বাড়তে না বাড়তে সেই শীত অন্য দরজা দিয়ে পালিয়ে যাবে বৈকি। আপাতত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় অবধি এমনও আবহাওয়া বিরাজ করবে বাংলায় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া থাকবে মনোরম। এক কথায় ভ্রমণের জন্য আদর্শ সময়। ফের কি শীতে ঠকঠক করে কাঁপবে বাংলা? এরকম নানা রকম প্রশ্ন তুলছেন মানুষ। যাইহোক, আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়ার (Weather Today) নাড়ি নক্ষত্র জানতে চোখ রাখুন প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। সকাল থেকেই জেলায় জেলায় রয়েছে কুয়াশার আধিক্য। সেইসঙ্গে শীতও বেশ ভালোই গায়ে লাগছে। শীতের এহেন মতিগতি দেখে অনেকেই ধারণা করে নিয়েছেন যে হয়তো শীত কামব্যাক করতে চলেছে। সেগুড়ে বালি। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভোরের দিকে কুয়াশা রয়েছে। এই জেলাগুলিতে আপাতত শীতও থাকবে ভরপুর। ফলে এখনই লেপ কম্বল আলমারিতে তুলে রাখার ভুল করবেন না।
আরও পড়ুন: হস্তা নক্ষত্রে সাফল্যের শিখরে উঠবে ৫ রাশি! আজকের রাশিফল, ৬ ফেব্রুয়ারি
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭ থেকে ১০ দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মাঝেমধ্যে আংশিক মেঘলা হলেও বৃষ্টি হবে না। আলিপুর আরও জানিয়েছে, নতুন করে বড়সড় পারদ পতনের সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে এখনই শীত একেবারে বিদায় নিচ্ছে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দার্জিলিংয়ের তাপমাত্রা বর্তমানে ৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আগামী কয়েকদিন এখানে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। এরই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী কয়েকদিন ঘন কুয়াশার দাপট দেখা যাবে। ঠান্ডা থাকবে জলপাইগুড়ি জেলাতেও।