শালবনীতে ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে রাজ্য–JSW

Salboni

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে বেশ সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলের লড়াইয়ে রীতিমত উঠে পড়ে লেগেছে বিরোধী দল। দিকে দিকে করে চলেছে কর্মসূচি। যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসও কম যাচ্ছে না। উন্নয়নের বার্তা নিয়ে জেলায় জেলায় প্রচার এবং জনসংযোগ বৃদ্ধি করে চলেছে। এমতাবস্থায় রাজ্যের শিল্প ব্যবস্থা নিয়ে এক বড় আপডেট প্রকাশ্যে এল। জানা গিয়েছে, শিল্পোন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি (Salboni) এলাকায় ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে চলেছে।

শালবনিতে পিপিপি মডেলে বিদ্যুৎ কেন্দ্র

উল্লেখ্য, রাজ্যে শিল্প ও বাণিজ্যিক কাজকর্মের পাশাপাশি গার্হস্থ্য ক্ষেত্রেও বিদ্যুতের ব্যবহার বাড়ছে প্রতি বছরই। পরিসংখ্যান বলছে, এর জেরে গত কয়েক বছরে বিদ্যুতের চাহিদা বছরে ৭–৮ শতাংশ করে বাড়ছে। আর তা সামাল দিতেই পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে পিপিপি মডেলে বিদ্যুৎ কেন্দ্র গড়ার চিন্তাভাবনা নিয়েছিল রাজ্য সরকার। এবার সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে এবং শিল্পোন্নয়নের লক্ষ্যে সেখানে ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে চলেছে। জানা গিয়েছে এই কেন্দ্রটি রাজ্য সরকার এবং শিল্প সংস্থা JSW গ্রুপ যৌথ ভাবে করবে।

স্থাপন করা হবে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট

রিপোর্ট মোতাবেক পশ্চিম মেদিনীপুরের শালবনীতে রাজ্য সরকারের অনুমোদনে জেএসডব্লিউ বেঙ্গল স্টিল লিমিটেডের লিজহোল্ড জমির প্রায় ১৬৮৮.১৫ একর জমি জেএসডব্লিউ থার্মাল এনার্জির হাতে তুলে দেওয়া হয়েছে। এই জমিতেই ভবিষ্যতে অতি উন্নত প্রযুক্তির ৮০০ মেগাওয়াটের দু’টি তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট স্থাপন করা হবে। বাংলার বুকে এই বিগ প্রজেক্ট নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে প্রশাসনের দাবি এই প্রজেক্ট শিল্পের উন্নয়নের পাশাপাশি বেকারত্বের সংখ্যাও কমবে। তাঁদের দাবি শালবনিকে ঘিরে এই বৃহৎ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় শিল্প পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন যেমন হবে তেমনই কর্মসংস্থান বাড়বে।

আরও পড়ুন: বৃদ্ধ বয়সে নো চিন্তা, মাসে মাসে ১৭ হাজার টাকা আয় দেবে পোস্ট অফিসের এই স্কিম

শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের এই প্রজেক্ট নিয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে দেশীয় কয়লা ব্যবহার করা হবে, যার ফলে আমদানি নির্ভরতা কমবে এবং উৎপাদন খরচও নিয়ন্ত্রণে থাকবে। ইতিমধ্যেই এই প্রকল্প ঘিরে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে ২৫ বছরের ‘পাওয়ার পারচেজ় এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে। সব মিলিয়ে নির্বাচনের আবহে রাজ্যে জেএসডব্লিউ গ্রুপের এই বিনিয়োগ পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব ভাবমূর্তিকে আরও শক্তিশালী করে তুলেছে।

Leave a Comment