বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলতে আসবে না বলে গোটা বিশ্বকাপটাই বয়কট করেছিল বাংলাদেশ। যার ফলে বিকল্প দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে স্কটল্যান্ড (ICC Rewarding Bangladesh)। যদিও সম্প্রতি সুর নরম করে পাল্টি খেয়েছেন ওপার বাংলার যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে, ভারতের সাথে খেলবে না বলেও শেষ পর্যন্ত 15 ফেব্রুয়ারির ম্যাচে অংশ নিতে রাজি হয়ে গিয়েছে পাকিস্তান। আর তারপরই বিশ্বকাপ বয়কট করা বাংলাদেশকে শাস্তি নয় বরং পুরস্কার দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল! তাহলে কি পাকিস্তান এবং পদ্মা পাড়ের বোর্ড এর কাছে মাথা নত করল বিশ্ব ক্রিকেট সংস্থা?
বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশকে পুরস্কার দিচ্ছে ICC?
গত রবিবার, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে বৈঠক হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিও। সেখানেই ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলার জন্য পাকিস্তানকে বোঝায় বিশ্ব ক্রিকেট সংস্থা। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিভিন্ন দেশের তরফে ভারতের সাথে খেলার জন্য চাপ পাচ্ছিল। এমতাবস্থায়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কথায় রাজি হতে বেশ কিছু শর্ত দেয় PCB।
এইসব শর্তগুলির মধ্যে ছিল, প্রথমত বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশকে কোনও রকম শাস্তি দিতে পারবে না ICC। দ্বিতীয় শর্ত ছিল, 2031 সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্বে বহাল থাকবে বাংলাদেশ। তৃতীয় শর্ত হিসেবে জানানো হয় শর্তসাপেক্ষ আরও একটি ICC ইভেন্ট 2031 এর আগে দিতে হবে বাংলাদেশকে। একই সাথে এই সমস্ত শর্ত মানার পরেও বাংলাদেশ যদি ICC র সিদ্ধান্ত নিয়ে রেজিল্যুশন কমিটিতে অভিযোগ জানাতে চায় সেই সুযোগও দিতে হবে।
অবশ্যই পড়ুন: ব্লু লাইনের ভূগর্ভস্থ স্টেশনগুলির জন্য বরাদ্দ ১২০১ কোটি টাকা, যাত্রীদের সুখবর দিলেন রেলমন্ত্রী
শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বাংলাদেশকে শাস্তির বদলে পাকিস্তানের শর্ত মেনে একপ্রকার উপহার দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাংলাদেশকে নিয়ে দেওয়া শর্ত সবই মেনে নিয়েছে ICC। তবে এসব কিছুই পাকিস্তান ক্রিকেট বা বাংলাদেশের কাছে মাথা নত করে নয় বরং বিশ্ব ক্রিকেটকে বাঁচানোর তাগিদেই এই কাজ করেছে ICC। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেরই দাবি, ইগো, রাগ এবং অন্যান্য রাজনৈতিক কারণের ঊর্ধ্বে গিয়েও অনেক সময় ক্রিকেটের স্বার্থে কিছু অপছন্দের শর্তও মেনে নিতে হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে। বাংলাদেশের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে।