প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে SIR নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। এমতাবস্থায় সংসদে দাঁড়িয়ে GST নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মধ্যে শুরু হয়েছে জোর সংঘাত। অভিষেকের তোলা প্রশ্নগুলিকে বিভ্রান্তিকর তথ্য বলে জানিয়েছেন নির্মলা। তাই এবার তাঁর জবাবে কোন কোন ক্ষেত্রে কত শতাংশ জিএসটি নেওয়া হয়, তার তালিকা-সহ নির্মলা সীতারমণের অফিশিয়াল এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ নির্মলার
রিপোর্ট মোতাবেক, লোকসভায় বাজেট অধিবেশন চলাকালীন গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রীয় বাজেট নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব দিতে গিয়েই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আঙুল তুলেছিলেন নির্মলা সীতারমণ। তিনি বলেন, ‘‘বাংলায় শুধু বোমা চলে। আইন চলে না।’’ এই বক্তব্যের প্রেক্ষিতে ২০২৫ সালের জুন মাসে নদিয়ার কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনের সময় তৃণমূলের বিজয়মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে ন’বছরের শিশুর মৃত্যুর কথা উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে অভিষেক নির্মলার বাজেটকে ‘আজীবন করের ফাঁদ’ বলে তোপ দেগেছিলেন। দাবি করেছিলেন, শিশুর দুধ, ডায়াপার থেকে শুরু করে শিক্ষা এবং শিক্ষার সামগ্রী, ওষুধপত্র সর্বত্র কর দিতে হচ্ছে।
GST নিয়ে সংঘাত অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, আজকাল কেউ মারা গেলে তাঁর স্মরণসভায় ধূপকাঠি জ্বালাতেও কর লাগছে। আর সেই দাবি উড়িয়ে দিয়েছেন নির্মলা সীতারমণ। তিনি বলেছেন, দুধ, শিক্ষার সামগ্রী এবং শিক্ষায় জিএসটি আরোপের কথা বলে লোকসভার সদস্যদের বিভ্রান্ত করছেন অভিষেক। মৃত্যুর পর শেষকৃত্যের কাজকর্মে কোনও জিএসটি নেওয়া হয় না বলেও দাবি করেছেন নির্মলা। এবার সেই জবাব নিয়ে কড়া পদক্ষেপ নিলেন অভিষেক। তালিকা ধরে ধরে দেখালেন কোন পণ্যে কত শতাংশ কর নেওয়া হয়ে থাকে কেন্দ্রের তরফ থেকে।
কী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, ‘‘আমার ভাষণ মন দিয়ে শোনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষের কথাও যদি উনি এত মন দিয়ে শুনতেন, তাহলে ভাল হত। উনি বলেছেন, আমি সত্য বিকৃত করেছি। এখন ওঁর জন্য সেগুলি আবার অবিকৃত করছি। তিনি ঠিকই বলেছিলেন যে তাজা তরল দুধে কোনও GST নেই। কিন্তু যে মায়েরা ওই দুধ কিনতে পারেন না, তাঁরা গুঁড়ো দুধ গুলে বাচ্চাদের খাওয়ান। সেই গুঁড়ো দুধে পাঁচ শতাংশ GST রয়েছে। যেটা উনি কিনতে পারেন না, তার উপর GST শূন্য। যেটা কিনতে পারেন, তার উপর পাঁচ শতাংশ GST।”
I thank Hon’ble Finance Minister @nsitharaman for so carefully listening to my speech. Though I wish she’d listen as carefully to the people of Bengal when they ask for their MGNREGA, PMAY, PMGSY and JJM dues. The Finance Minister says I ‘twisted facts.’ Let me untwist them for… https://t.co/bpEGPQ5SXj pic.twitter.com/awa2frEFFW
— Abhishek Banerjee (@abhishekaitc) February 12, 2026
শিক্ষাব্যবস্থায় GST নিয়ে কটাক্ষ
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে টার্গেট করে বলেন, “পাঠ্যবইয়ে কোনও জিএসটি নেই। কিন্তু একজন পড়ুয়া যে গ্রাফপেপার ব্যবহার করে, তার উপর ১২ শতাংশ জিএসটি রয়েছে। বিজ্ঞানের প্র্যাকটিক্যালের জন্য যে ল্যাবরেটরির নোটবুক থাকে, তাতেও রয়েছে ১২ শতাংশ জিএসটি। ছবি আঁকার রংগুলিতেও তাই। অন্যদিকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসায় জিএসটি নেই। কিন্তু কোভিড রোগীকে বাঁচিয়ে রাখার জন্য যে অক্সিজেন সিলিন্ডার লাগে, তাতে ১২ শতাংশ জিএসটি রয়েছে। ডায়াবেটিক রোগীর ইনসুলিন ইঞ্জেকশনের উপর পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হয়। অস্ত্রোপচারের অ্যানাস্থেশিয়াতেও রয়েছে ১২ শতাংশ জিএসটি।’’
আরও পড়ুন: ‘সনাতনীদের হয়ে ভাবুন’.. বিজেপিতে যোগ দেওয়ার জন্য অনুব্রতকে ইঙ্গিতপূর্ণ বার্তা সৌমিত্রর
শেষকৃত্যে কোনও জিএসটি লাগে না বলে আগেই জানিয়েছিলেন নির্মলা সীতারমন। এবার সেই নিয়েও অভিষেক জানালেন, ‘‘শেষযাত্রায় জ্বালানোর মতো ধূপকাঠিতে পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হয় এই নতুন ভারতে। আমি ঠিক এই সমস্যাটার কথাই বলতে চেয়েছি। জিএসটি আইনে কী লেখা আছে এবং দরিদ্র পরিবারের মুদিখানার বিলে কী লেখা আছে, তার তফাত যত দিন না আপনি বুঝতে পারছেন, তত দিন আপনি অন্য ভারতেই থাকবেন, আমরা অন্য ভারতে।’’