সহেলি মিত্র, কলকাতাঃ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়কে রেল মানচিত্রে (Bhangar Rail Line) নিয়ে আসার জন্য রেলমন্ত্রীর কাছে একটি চিঠি মারফৎ আবেদন জানিয়েছেন বিধায়ক। রাজ্যের অন্যতম কৃষি প্রধান অঞ্চল এই ভাঙড়। কৃষকদের পাশাপাশি রয়েছেন অন্যান্য পেশার সঙ্গে যুক্ত শ্রমিকরাও। যাতায়াতের জন্য সড়কপথই তাঁদের মূল ভরসা। বাস, অটো কিংবা যন্ত্রযালিত ভ্যান-ভাঙড় অঞ্চলে যাতায়াতের জন্য সাধারণ মানুষের ভরসা এই গণ পরিবহণ মাধ্যম। সড়ক পথে যাতায়াতের ফলে খরচও কিছু বেশি হয়ে থাকে।
রেলপথে জুড়বে ভাঙড়-শিয়ালদা?
বাস-অটোর পাশাপাশি রেলপথ থাকলে যাত্রা যেমন সুগম হবে, তেমনই আর্থিক দিক থেকেই কিছুটা সাশ্রয় করার সুযোগ পাবেন সেখানকার সাধারণ মানুষ। রেল মন্ত্রীর কাছে সিদ্দিকীর আবেদন, রেলপথের মাধ্যমে যুক্ত করা হোক ভাঙড়কে, যার ফলে সুবিধা পাবেন সেখানকার কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত শ্রমিকরা। ভাঙড়কে যাতে শিয়ালদার সঙ্গে রেলপথের মাধ্যমে যুক্ত করা যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সেই আবেদন জানিয়েছেন বিধায়ক। বিধায়কের আবেদন, চালু করা হোক ঘটকপুকুর-শিয়ালদহ রেল পথ।
আরও পড়ুনঃ DA মামলায় সুপ্রিম কোর্টকে কড়া বাণ, রাজ্য অচল করারও হুঁশিয়ারি সরকারি কর্মীদের
রেলমন্ত্রীকে চিঠি নওশাদ সিদ্দিকীর
“শিয়ালদহ থেকে ঘটকপুকুরের রেল সংযোগের জন্য প্রস্তাবিত সমীক্ষার কাজ ত্বরান্বিত করতে এবং ভাঙড়কে রেল মানচিত্রে আনার আর্জি জানিয়ে রেলমন্ত্রী কে চিঠি দিলাম”, ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে নওশাদ সিদ্দিকী। বিধায়ক তাঁর চিঠিতে জানিয়েছেন, ঘটকপুকুর থেকে শিয়ালদা কিংবা আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলে যাওয়ার জন্য ভরসা মূলত সড়ক পথ। বাসই সাধারণ মানুষের মূল ভরসা। ভাঙড় বিধানসভা কেন্দ্রকে রেল পথের মাধ্যমে যুক্ত করা হলে বেশ কিছুটা লাভবান হবেন সেখানকার মানুষ।
চিঠিতে নওশাদ লিখেছেন, ‘এই চিঠির উদ্দেশ্য হল আপনার মনোযোগ আকর্ষণ করা একটি প্রস্তাবিত নতুন রেলওয়ে লাইন সার্ভেরদিকে, যা ঘাটকপুকুরকে, যা কলকাতার পাশে একটি ব্যবসায়িক কেন্দ্র এবং ভাঙড় সংসদীয় অঞ্চলের অন্তর্ভুক্ত, শিয়ালদহ ডিভিশনের সঙ্গে সংযুক্ত করবে। এই সার্ভেটি ২০১২-১৩ সালের রেলওয়ে বাজেটের অংশ হিসেবে প্রস্তাব করা হয়েছিল। তবে প্রস্তাবিত জরিপটি এখনও কার্যকর করা হয়নি। সেসময়, উপলব্ধ সূত্র অনুসারে, ‘ঘাটকপুকুর-হাসনাবান লাইন’ ১১১টি নতুন লাইন জরিপের তালিকায় অন্তর্ভুক্ত ছিল যা গ্রহণযোগ্য হিসেবে নেওয়া হবে। তবে এখনও অবধি এই বিষয়ে কিছু করা হয়নি।’