সহেলি মিত্র, কলকাতাঃ এই শীত এই গরম, কার্যত এমনই আবহাওয়ার সাক্ষী থাকছেন বাংলার মানুষ। না ভালো করে শীতটা থাকছে না আবার গরম পড়ছে, বিষয়টা মাঝামাঝি অবস্থায় হয়ে রয়েছে। সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে আজ রবিবার অবধি বাংলার পারদ বেশ নিম্নমুখীই রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে তীব্র ঠান্ডা চলে গেছে বটে, তবে হালকা শীতের অনুভূতি এখনও রয়ে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। পশ্চিমা ঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপের কারণে তাপমাত্রা বাড়ছে। আজ সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক বিশদে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজও জেলায় জেলায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। শীতের দাপট চলতে পারে নদীয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায়। জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। মূলত ঘন কুয়াশা এবং পশ্চিমা ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে। পূর্বাভাস মতোই আজ রবিবার ছুটির দিন থেকে বদল হতে শুরু করেছে বাংলার আবহাওয়ার। ভোর ও সকালের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: অশ্বিনী নক্ষত্রে ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির! আজকের রাশিফল, ২৫ জানুয়ারি
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি বা ঝড়ের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, পাকিস্তান ও জম্মু-কাশ্মীর অঞ্চলে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসছে। এর পাশাপাশি ২৬ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। যদিও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিললেও, জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীত পুরোপুরি বিদায় নেবে না বলেই মত বিশেষজ্ঞদের। এমনকি ফেব্রুয়ারির শুরুর দিকেও শীতের বেশ ভালো মতো আমেজ থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে কনকনে শীতের দাপট অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ থেকে ছয় দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। বিশেষ করে আজ ছুটির দিনে দার্জিলিঙে, সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। অপরদিকে সমতলের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের দু’টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে।