শীতের পথে কাঁটা ঘূর্ণাবর্ত! কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন আগে রাজ্য জুড়ে অনেকটাই নেমে গিয়েছিল তাপমাত্রা। যার জেরে শীতের (Weather Update) তীব্রতা বেশ অনুভব করতে পারছিল সকলে। ধীরে ধীরে আলমারি থেকে মোটা সোয়েটার এবং চাদরও বের হচ্ছিল। কিন্তু ঘূর্ণাবর্তের জেরে হঠাৎ করেই গায়েব হয়ে গেল শীত। পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। তার সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আর তাই আবহাওয়া নিয়ে মন খারাপ শীত বিলাসীদের।

বাড়ছে তাপমাত্রা

কার্তিক মাসের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ে উত্তর পশ্চিম বাতাসের জেরে হঠাৎ তাপমাত্রা পতন হয়, যার ফলে রাজ্যজুড়ে শীতের অনুভূতি বেড়েছিল। উত্তরবঙ্গে যেমন বেশি ঠান্ডা পড়ছিল ঠিক তেমনই দক্ষিণবঙ্গেও পড়েছিল পারদ। কিন্তু মুহূর্তের মধ্যে সবটাই পরিবর্তন হল। বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এবং পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত অনেকটাই দূরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরে এবং সন্ধ্যার পর শীতের অনুভূতি বজায় থাকতে চলেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সকাল থেকেই মেঘমুক্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কিন্তু ঠাণ্ডার পরিমাণ অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে গতকাল অর্থাৎ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বদলে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ স্বাভাবিকের নীচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার নেমে আসছে। তবে সপ্তাহের শেষের দিকে আবারও বদল আসতে পারে আবহাওয়ায়। নতুন করে তাপমাত্রা পতন শুরু হতে পারে বিভিন্ন জেলায়।

আরও পড়ুন: প্লাস্টিক ব্যবহারে ৫০০ টাকা জরিমানা! বড়সড় অভিযানে নামল বৈদ্যবাটি পুরসভা

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত একই অবস্থা উত্তরবঙ্গের জেলাগুলিতে। গত কয়েকদিন উত্তরবঙ্গে ঠান্ডা পড়লেও এখন সেই ঠাণ্ডা একেবারেই গায়েব হয়ে যাচ্ছে। জানা গিয়েছে উত্তরবঙ্গে নীচের দিকের জেলাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। বিশেষত, বেলা বাড়লে তাপমাত্রার পারদ চড়তে পারে। তার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃদ্ধি পেতে পারে অস্বস্তি। তবে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরে এবং সন্ধ্যার পর শীতের অনুভূতি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও ঘন কুয়াশা থাকবে বলেই জানা গিয়েছে। আপাতত বৃষ্টির আর কোনও আশঙ্কা নেই।

Leave a Comment