শুধু ২৫% DA-ই নয়, পশ্চিমবঙ্গ সরকারকে আরেকটি বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

সৌভিক মুখার্জী, কলকাতা: বহু প্রতীক্ষার ডিএ (Dearness Allowance) মামলায় অবশেষে বিরাট রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে। এমনকি শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যেই তা মেটাতে হবে। আর সবথেকে বড় বিষয়, এই সুবিধা শুধুমাত্র কর্মরত কর্মচারীদের জন্য নয়, বরং ২০১৯ সালের পর যারা অবসর নিয়েছেন, তারাও বকেয়া ডিএ পাওয়ার অধিকারী বলেই জানিয়ে দিল আদালত।

পেনশনভোগীরাও পাবেন বকেয়া

সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যে ডিএ বকেয়া রয়েছে, তা সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে পরিশোধ করতে হবে। ফলত রাজ্যের বিপুল সংখ্যক পেনশনভোগী এই রায়ের আওতায় আর্থিক সুবিধা পাবে। তবে আদালত ডিএ পরিশোধের জন্য নির্দিষ্ট সময়সীমা বরাদ্ধ করে দিয়েছে। ৬ মার্চের মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ ২৫% ডিএ দিতে হবে আর ১৫ মে’র মধ্যে সম্পূর্ণ বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী ডিএ পাওয়া সরকারি কর্মচারীদের আইনি অধিকার। রাজ্যের আর্থিক সংকটের অজুহাতে এই ভাতা আটকে রাখা যায় না। এদিকে এর আগেও অন্তর্বর্তী নির্দেশে ২৫% ডিএ মেটানোর কথা বলেছিল দেশের সর্বোচ্চ আদালত। তবে রাজ্য সরকার আর্থিক সমস্যার অজুহাত দেখিয়ে তা কার্যকর করেনি। ফলত, চূড়ান্ত রায়ে কোনও অস্পষ্টতা না রেখে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে আদালত।

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই চিন্তায় ভারত! চোট পেলেন টিম ইন্ডিয়ার ‘ম্যাজিক ম্যান’

গঠিত হবে নজরদারি কমিটি

প্রসঙ্গত, রায় কার্যকর হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য এবার বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রা, প্রাক্তন প্রধান বিচারপতি ত্রিলোক সিং চৌহান, বিচারপতি গৌতম মাধুরী, সিএজি বা তাঁর দফতরের শীর্ষ আধিকারিক। তবে কর্মচারী সংগঠন দাবি করছে, রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া বাবদ ৪০ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। তার মধ্যে প্রথম ২৫ শতাংশ মেটাতে প্রায় ১০ হাজার কোটি টাকার কাছাকাছি অর্থের প্রয়োজন পড়তে পারে।

Leave a Comment