শেষ মুহূর্তে বাঁচালেন মুখ্যমন্ত্রী মমতা, যুবভারতীতেই ফ্রিতে ISL খেলবে ইস্টবেঙ্গল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুবভারতীতে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলা নিয়ে দোটানায় ছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। খরচ বাঁচাতে ইনভেস্টররা চাইছিলেন অপেক্ষাকৃত ছোট মাঠ কিশোর ভারতীতে আয়োজন করা হোক লাল হলুদের সমস্ত ম্যাচ। তাতে অবশ্য আপত্তি ছিল ইস্টবেঙ্গল কর্তাদের। লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, কিশোরভারতীতে ম্যাচ হলে সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। ফলে, মশাল সেনা ISL এ কোথায় খেলবে তা নিয়েই সংশয় ছিল নানা মহলে। অবশেষে মিলল সুরাহা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে নিখরচায় সল্টলেক স্টেডিয়াম অর্থাৎ যুবভারতীতেই ISL খেলার সুযোগ পাচ্ছে ইস্টবেঙ্গল।

এ যাত্রায়ও ইস্টবেঙ্গলের রক্ষাকর্তী হলেন মুখ্যমন্ত্রী

এবছর নির্ধারিত সময় থেকে অনেক পরেই শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে গড়াবে ISL। টুর্নামেন্টের প্রথম ম্যাচ আগামী 14 ফেব্রুয়ারি। এদিন মোহনবাগান মুখোমুখি হবে দক্ষিণী দল কেরালা ব্লাস্টার্সের। ইস্টবেঙ্গল খেলতে নামবে আগামী 16 ফেব্রুয়ারি থেকে। তবে হোম ম্যাচগুলি লাল হলুদ কোথায় খেলবে তা নিয়েই এক প্রকার দ্বন্দ্ব লেগে গিয়েছিল ইনভেস্টর এবং ক্লাব কর্তাদের।

লাল হলুদের লগ্নীকারী সংস্থা ইমামি চাইছিল যুবভারতীর থেকে তুলনামূলক ছোট মাঠ কিশোর ভারতীতে ইস্টবেঙ্গলের হোম ম্যাচগুলি করতে। এতে খরচ অনেকটাই বাঁচানো যেত বলেই মনে করছিলেন তারা। এদিকে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছিলেন, “ইস্টবেঙ্গল সমর্থকদের ক্লাব। তাঁরাই যদি ম্যাচ দেখতে না পারে তাহলে আর কীসের লাভ। কিশোর ভারতীতে সবাইকে ম্যাচের টিকিট দেওয়া সম্ভব হবে না। তাই যুবভারতীতেই করতে হবে ম্যাচ। অন্যথায় আমাদের কর্মসমিতির কেউ মাঠে যাবে না।”

অবশ্যই পড়ুন: মায়ের মরদেহ রেখে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিলেন মেয়ে, ফিরেই মুখাগ্নি.. নন্দিনীর কাহিনী চোখ ভেজাবে

প্রাথমিকভাবে ইনভেস্টররা ক্লাবের দাবি না মানায় শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। অবশেষে তাতেই মিলল সমাধান সূত্র। লাল হলুদের একটি সূত্র দাবি করছে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই এবার যুবভারতীতে একেবারে বিনা খরচে ইন্ডিয়ান সুপার লিগের হোম ম্যাচ খেলতে পারবে ইস্টবেঙ্গল। এদিকে শোনা যাচ্ছে, ইনভেস্টররাও যুবভারতীতে বিনা খরচে ম্যাচ আয়োজন করা যাবে জেনে উচ্ছসিত।

Leave a Comment