প্রীতি পোদ্দার, কলকাতা: আর থাকবে না নভেম্বর ডিসেম্বরের কনকনে ঠান্ডার আমেজ কারণ কিছুদিন পরেই রাজ্য জুড়ে নামতে চলেছে বসন্তের আমেজ। যদিও এখন থেকেই ভোরের দিকে হালকা শিরশিরানি (Weather Tomorrow) ভাব আছে। তবে সেটিও খুব বেশিদিন স্থায়ী থাকছে না। কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ চড়তে শুরু করেছে, আর তাতেই হালকা গরমে অস্বস্তি বাড়ছে শহরবাসীর। হাওয়া অফিসের আপডেট বলছে চলতি সপ্তাহেই নাকি বিদায় নিতে চলেছে শীত।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এমনিতেই পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশ ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়, তার উপর আজই জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। যার ফলে পারদ ধীরে ধীরে আরও বাড়ছে। এদিকে শীতের বিদায় বেলা নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাত এবং ভোরের দিকে শীতের আমেজ বেশ বজায় থাকবে। এরপরই ধাপে ধাপে চড়তে শুরু করবে পারদ। অবস্থা এতটাই শোচনীয় হবে যে মার্চ মাসে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে পারদ। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায় শুকনো আবহাওয়া বিরাজ করবে। ভোর এবং সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়তেই বাড়বে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আশঙ্কা করা হচ্ছে দক্ষিণবঙ্গে প্রতিদিন গড়ে প্রায় ২ ডিগ্রি করে পারদ চড়তে পারে। এছাড়াও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।
আরও পড়ুন: “SIR হবেই, সব রাজ্যকে বুঝতে হবে..” মমতার মামলায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
এইমুহুর্তে দক্ষিণবঙ্গ থেকে শীত প্রায় বিদায় নিলেও উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা ভিন্ন প্রকৃতির। সেখানকার জেলাগুলোতে এখনও ঠান্ডার দাপট বজায় রয়েছে। জানা গিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে পরবর্তী তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে জেলাগুলিতে। এছাড়াও সপ্তাহান্তে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।