সাড়ে ৪ ঘণ্টায় ১৩ বার ভূমিকম্প সিকিমে! কাঁপল উত্তরবঙ্গেরও মাটি

Sikkim

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের কাঁপল মাটি! বৃহস্পতিবার গভীর রাতে পরপর একাধিক ভূমিকম্প সিকিমে (Sikkim)। জানা গিয়েছে, সাড়ে চার ঘণ্টার মধ্যে মোট ১৩ বার ভূমিকম্প হয়েছে। পড়শি রাজ্যের ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গের মাটিও। আফটারশক অনুভূত হয়েছে বাংলার একাধিক অংশে। মেলেনি ক্ষয়ক্ষতির কোনো খবর।

সিকিমে ভূমিকম্প

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাত দেড়টা নাগাদ সিকিমের গেলসিংয়ে আচমকা ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। তারপর থেকে যেন থামছেই না কম্পনের দাপট। আফটার শকে একটির পর একটি কম্পন টের পেয়েছেন বাসিন্দা থেকে পর্যটকরা। রিপোর্ট বলছে সাড়ে চার ঘণ্টার মধ্যে মোট ১৩ বার ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। মঙ্গনে ৭টি, নামচিতে ৪টি ছোট ছোট ভূমিকম্প হয়। ৩.১ মাত্রার একটি ভূমিকম্প হয় গ্যাংটকেও।

ক্ষয়ক্ষতির খবর মেলেনি

সিকিমে মধ্য রাতে একের পর এক ভূমিকম্পের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের অনুভূতি শেয়ার করেছে। অনেকে আবার ভয়ে হোটেল বা বাড়ির বাইরেও চলে আসেন। যদিও এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। অন্যদিকে ভূমিকম্পের জেরে রীতিমত কেঁপে উঠেছিল উত্তরবঙ্গও।

আরও পড়ুন: বাংলায় ২৫টি স্মার্ট সিটি গড়বে পশ্চিমবঙ্গ সরকার, কোথায় কোথায়? দেখুন তালিকা

প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার, রাত প্রায় ৯টা ৭ নাগাদ কলকাতা, হাওড়া সহ বেশ কিছু এলাকা, কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প হয়েছিল। যার ফলে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় ইন্টারনেট পরিষেবাও। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এছাড়াও কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশেও। তবে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Leave a Comment