প্রীতি পোদ্দার, কলকাতা: সাতসকালে রাজ্যে ফের সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Raids)। একদিকে কয়লা পাচার অন্যদিকে বালি পাচার মামলায় অ্যাকশন মোডে নামল কেন্দ্রীয় দল। জানা গিয়েছে, কেবল বাংলায় নয়, সূত্রে খবর ইডির একটি দল ইতিমধ্যেই পুরনো দিল্লির বেশ কিছু জায়গায় পৌঁছে তল্লাশি শুরু করেছে। উল্লেখযোগ্য বিষয় হল এই তদন্ত অভিযানের ED অধিকারিকরা রাজ্য পুলিশের একজন আধিকারিকের বাড়িতেও হানা দিয়েছে।
রাজ্য পুলিশের আধিকারিকের বাড়িতে ED
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ মঙ্গলবার, ভোর থেকেই কয়লা পাচার মামলায় সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে তারা। তদন্ত সূত্রে ৯ জনের নাম উঠে এসেছে, উল্লেখযোগ্য বিষয় হল এই ৯ জনের মধ্যে রয়েছেন বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল। এদিন সকালে তাঁর দুর্গাপুরের বাড়িতে তদন্তের জন্য পৌঁছে যায় ইডি আধিকারিকরা। অভিযোগ, কয়লা পাচার মামলায় যে প্রোটেকশন মানির লেনদেন হয়েছিল তাতে মনোরঞ্জন মণ্ডল মোটা টাকার বিনিময়ে সাহায্য করেছিল। শেষ আপডেট অনুযায়ী এখনও তাঁর বাড়িতে তল্লাশি করছেন আধিকারিকরা। সঙ্গে চলছে জিজ্ঞাসাবাদ।
দিল্লির বেশ কিছু জায়গায় তদন্ত ED-র
ED সূত্রে খবর, কয়লা পাচার মামলায় দু’মাস আগে তদন্তের ভিত্তিতে বাজেয়াপ্ত করা হয়েছিল মোবাইল ফোন, হোয়াটস অ্যাপ চ্যাট-সহ আরও একাধিক ডিজিটাল নথি। তখনই উঠে আসে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের নাম। এছাড়াও তালিকায় উঠে আসে আখতার, প্রবীর দত্ত, অমিত বনশল, মির্জা নিজামুদ্দিন, চিন্ময় মণ্ডলের নামও। তবে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেবল বাংলায় নয়, কয়লা কাণ্ডে তদন্তের জন্য আরও একটি দল ইতিমধ্যেই দিল্লির বেশ কিছু জায়গায় পৌঁছে গিয়েছে। একদিকে যেমন রাজ্যে কয়লা পাচার মামলা নিয়ে সক্রিয় হয়েছে ED, ঠিক তেমনই আবার বালি পাচার মামলা নিয়েও তল্লাশিতে নেমেছে আধিকারিকেরা।
বালি পাচার কাণ্ডে নয়া মোড়
রিপোর্ট মোতাবেক, গত কয়েকমাসে একাধিক অভিযান এবং বাজেয়াপ্ত নথিপত্র ঘেঁটে বালি পাচারকে কেন্দ্র করে দুর্গাপুরে বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বিলাসবহুল বাড়িতে পৌঁছেছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরেই বালির কারবারে যুক্ত এই ব্যবসায়ী। আজ, ভোরবেলাতেই ইডির তিন সদস্যের টিম ও কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালায়। প্রথমে তাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে কার্যত জোর করেই বাড়ির ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। বালি কারবারের সঙ্গে আর কী কী যোগ রয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাঁর ভাইয়ের বাড়িতেও পৌঁছেছেন ইডি আধিকারিকরা।
আরও পড়ুন: আকাশছোঁয়া থেকে মাটিতে নামল সোনা-রুপোর দাম, মুখে হাসি মধ্যবিত্তের
প্রসঙ্গত, কিছুদিন আগেই কলকাতায় আই-প্যাকের দফতর ও তৃণমূলের আইটি প্রধান তথা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশিকে ঘিরে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য সরকারের সঙ্গে। পরিস্থিতি এতটাই বেগতিক যে জল গড়িয়েছে আদালতে। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। এমতাবস্থায় বালি ও কয়লা পাচার মামলায় ফের রাজ্যে ইডি-র তল্লাশি অভিযান এক নয়া বিতর্ক শুরু করেছে। অর্থাৎ বলা যায় নির্বাচনের প্রাক্কালে এক তাৎপর্যপূর্ণ ঘটনার সম্মুখীন হতে চলেছে রাজ্যবাসী।