প্রীতি পোদ্দার, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত রাজ্য রাজনীতি। এদিকে মুখ্যমন্ত্রীর চেয়ার দখলের করতে ভোটপ্রচারে কোনো ত্রুটি রাখছে না বিরোধী দলগুলি। এমতাবস্থায় নজিরবিহীন ঘটনা ঘটল মালদার (Malda) গাজোল ব্লকে। গ্রামবাসীদের রাস্তার দুর্ভোগ মেটাতে খোদ বিজেপি বিধায়কই এবার রাস্তা মেরামত করতে পথে নামলেন। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
রাস্তা সংস্কারের আবেদনে মেলেনি সুরাহা
দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে, মালদার গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের পাতাল সিং গ্রামের মেইন রাস্তা। খানাখন্দে ভরা এই রাস্তায় চলাফেরা করতে রীতিমত বেগ পেতে হয় গ্রামবাসীদের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কম বেশ দুর্ভোগের মধ্যে পড়েছে। এমতাবস্থায় সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীরা প্রশাসনিক বিভিন্ন মহলে রাস্তা সংস্কারের আবেদন জানিয়েছিল। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এবার গ্রামবাসীদের কথা ভেবে নিজে থেকেই রাস্তা সংস্কারের কাজ নামলেন এলাকার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন।
কী বলছেন বিজেপি বিধায়ক?
রিপোর্ট মোতাবেক, বিধায়ক চিন্ময় দেব বর্মন নিজের ব্যক্তিগত অর্থ খরচ করে ইট, সিমেন্ট বালি কিনেছেন। এরপর লুঙ্গি পরে মাথায় ইট ভরতি ডালি তুলে রাস্তা সংস্কারের কাজ নেমে পড়লেন। যদিও তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছিল বাকি গ্রামবাসীরা। তাঁর বেশভূষা দেখলে বোঝা দায় যে তিনি এলাকার বিধায়ক। বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, “দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। একাধিকবার এলাকা পরিদর্শনে এসেছি। গ্রামবাসীদের স্বার্থে পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনে জানিও লাভ হয়নি। তাই আমাকেই হাত লাগাতে হল। ”
আরও পড়ুন: চাপ কমবে পড়ুয়াদের, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন নিয়ে বড় সিদ্ধান্ত সংসদের
প্রসঙ্গত, স্থানীয় এলাকার বিধায়কের এই উদ্যোগে বেশ খুশি স্থানীয়রা। সকলেই তাঁর এই কাজে প্রশংসা করেছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, “প্রায় ১৫ বছর থেকে অচল অবস্থায় এই রাস্তা। অবশেষে বিধায়কের নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ হচ্ছে। আমরাও এই কাজে হাত লাগাচ্ছি।” যদিও তৃণমূলের মালদহ জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, “এভাবে মাথায় ইট তুলে নিয়ে প্রচারের আলো পেতে চাইছেন। সোশ্যাল মিডিয়ার জন্য পোজ দিয়ে ছবি তুলেছেন বিজেপি বিধায়ক। কিন্তু এসব করে লাভ হবে না। গাজোলে এবার তৃণমূলের জয় নিশ্চিত।”