সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার রেল ব্যবস্থাকে আরও উন্নত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। যে কারণে সাম্প্রতিক সময়ে একের পর এক রেল প্রকল্পের অনুমোদন থেকে শুরু করে টাকা বরাদ্দ করছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। এবার কেন্দ্রীয় সরকারের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যার দরুন লাভবান হবেন বাংলার সাধারণ আমজনতা। আসলে সিউড়ি-বক্রেশ্বর-রাজনগরে প্রস্তাবিত রেলপথের (Suri Bakreswar Rajnagar Rail Line) ক্ষেত্রে এবার ডিপিআর তৈরির অনুমতি দিল রেলবোর্ড। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
সিউড়ি-বক্রেশ্বর-রাজনগরে শুরু হবে সার্ভের কাজ
আসলে বিজেপি নেতা জগন্নাথ চ্যাটার্জি একটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে। সেইসঙ্গে এই প্রস্তাবিত রেলপথের আপডেট সম্পর্কে সকলকে বড় তথ্য দিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন কীভাবে রেলমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করে সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর রেলপথের ক্ষেত্রে ডিপিআর তৈরির অনুমোদন দিয়েছেন। অর্থাৎ শীঘ্রই শুরু হবে সার্ভের কাজ বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুনঃ উন্নত হবে যোগাযোগ, বাড়বে কর্মসংস্থান! দুটি গুরুত্বপূর্ণ রেললাইনের অনুমোদন উত্তরবঙ্গে
কী বলছেন বিজেপি নেতা?
বিজেপি নেতা লিখেছেন, ‘মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয়কে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমার মতো এক সাধারণ কার্যকর্তার নিজের এলাকার উন্নয়নের জন্য প্রয়াসকে এভাবে সমর্থন করার জন্য। গত কাল রেলবোর্ড সিউড়ি-বক্রেশ্বর-রাজনগর-নলা নতুন রেল লাইনের ফাইনাল লোকেশন সার্ভে বা সমীক্ষার কাজ এবং ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরির কাজে সম্মতি দিয়েছে। সেই অনুমোদন পত্র শেয়ার করলাম। আজ রাজনগরের মানুষের কাছে বড় আনন্দের দিন।’
বিজেপি নেতা জানান, ‘গত ১০০ বছরে যা হয়নি এবার তা হবে। নরেন্দ্র মোদী সরকারই করবে। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করি। রাজনগরে রেল চলবে তা এক ঐতিহাসিক ক্ষণ, তাতে আমার কাঠবিড়ালীর ভূমিকা থাকল সেটা ভেবে আমারও আজ আনন্দের দিন।’ জানা গিয়েছে, ৭৩ কিমি লাইনের সার্ভের জন্য ২ কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যাইহোক, প্রস্তাবিত এই রেলপথ যদি একবার শুরু হয়ে যায় তাহলে ব্যাপকভাবে লাভবান হবেন সাধারণ আমজনতা।