সুদের হার নিয়ে মধ্যবিত্তদের আশাহত করতে পারে আরবিআই!

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন অর্থবছরের শুরুতেই সবার নজর এখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) দিকে। আগামী ৮ এপ্রিল বসতে চলেছে আরবিআই এর মুদ্রা কমিটির বৈঠক। আর সেখানে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এবার কি তাহলে ঋণের কিস্তি বা ইএমআই কমবে? আরবিআই কি রেপো রেট (Repo Rate) কমাবে? কিন্তু আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন বলছে যে, সাম্প্রতিক যা পরিস্থিতি তাতে সুদের হার হয়তো কমবে না।

পরিবর্তিত হচ্ছে না সুদের হার?

রয়টার্সের রিপোর্টে অংশ নেওয়া অর্থনীতিবিদদের সবথেকে বৃহৎ অংশ মনে করছেন যে, আসন্ন বৈঠকে সুদের হার কমানোর কোনও সম্ভাবনা নেই। সমীক্ষা অনুযায়ী, শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট বর্তমানে যে ৫.২৫ শতাংশ হারে রয়েছে, সেখানে স্থির রাখতে পারে। এমনকি বিশেষজ্ঞদের দাবি, ২০২৭ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সুদের হারে সেরকম কোনও পরিবর্তন আসবে না।

আসলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপের পিছনে বেশ কিছু কারণ উল্লেখ করছে বিশেষজ্ঞরা। প্রথমত, মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। যার ফলে ভবিষ্যতে মূল্যবৃদ্ধির ঝুঁকি একেবারে এড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, ভারতের খুচরা মূল্যবৃদ্ধির হার বর্তমানে আরবিআই এর ৪ শতাংশের নিচে রয়েছে। কিন্তু তেলের দামের সম্ভাব্য ধাক্কা সামলানোর জন্য সুদের হার কমিয়ে ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় ব্যাঙ্ক। এছাড়া দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার বর্তমানে সন্তোষজনক জায়গায় রয়েছে। তাই পর্যবেক্ষণের জন্য শীর্ষ ব্যাঙ্কের হাতে সময় রয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: এপ্রিল থেকে বন্ধ হচ্ছে বাংলার ১২ লক্ষ মানুষের রেশন! আশঙ্কা রাজ্য সরকারেরও

সমীক্ষায় উঠে এল ভয়াবহ তথ্য

এদিকে গপ্ত ২৩ থেকে ২৬ মার্চের মধ্যে পরিচালিত এই সমীক্ষায় ৭১ জন অর্থনীতিবিদ অংশ নিয়েছিলেন বলেই খবর। আর তাদের মধ্যে ৬৯ জনই একমত যে, সুদের হার অপরিবর্তিত থাকবে। আর দু’জন সামান্য পরিবর্তনের সম্ভাবনা জানিয়েছেন। এ বিষয়ে এএনজেড ব্যাঙ্কের অর্থনীতিবিদ ধীরাজ নিম এবং এইচডিএফসি ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ সাক্ষী গুপ্তা সতর্ক করে বলেছেন যে, মূল্যবৃদ্ধি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও আন্তর্জাতিক অস্থিরতার কারণে ঝুঁকির পাল্লা এখনো পর্যন্ত ঊর্ধ্বমুখী। আর গত জুন মাস থেকে আরবিআই নিউট্রাল বা নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। আপাতত সেখান থেকে সরে আসার কোনও রকম সম্ভাবনা নেই।

Leave a Comment