প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এমতাবস্থায় দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ (Supreme Court Order) অমান্য করল এক সরকারি আমলা। প্রশ্নের মুখে পড়ল আইন আদালত। জানা গিয়েছে, স্বর্ণ ব্যবসায়ীকে খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে আত্মসমর্পণ করলেন না। সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময়সীমা শেষ হয়েছে শুক্রবার। তাই এ বার নতুন কী পদক্ষেপ করা হবে, সে ব্যাপারে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে শুরু করেছেন তদন্তকারীরা।
ঠিক কী ঘটেছিল?
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিধাননগরের দত্তাবাদ থেকে স্বপন কামিলা নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল। পরের দিন, নিউটাউনের যাত্রাগাছির খালধার থেকে দেহ উদ্ধার হয় ওই ব্যবসায়ীর। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা চুরি গিয়েছিল। আর সেই চুরি করা সোনাই নাকি স্বপন কিনেছেন, তাই তাঁকে অপহরণ করা হয় এবং নাম জড়ায় বিডিও–র। পুলিশ ইতিমধ্যেই প্রশান্ত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করলেও হাতের নাগালে পাচ্ছে না সরকারি আমলাকে।
পাল্টা মামলা সুপ্রিম কোর্টে
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে খুনের মামলায় একের পর এক সঙ্গী গ্রেপ্তার হতে থাকায় গত বছর, ২৬ নভেম্বর বারাসত জেলা আদালত থেকে আগাম জামিন নেন বিডিও প্রশান্ত বর্মন। এরপর ২৯ নভেম্বর ফের তিনি বিধাননগর আদালতে আত্মসমর্পণ করেও জামিন নেন। সেই জামিনের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় পুলিশ। এরপর ২২ ডিসেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশ বাতিল করে তাঁকে তিনদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তিনি লুকিয়ে পড়েন। শেষে বিধাননগর পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত। কিন্তু স্থানীয় রিপোর্ট মোতাবেক বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ ২৩ জানুয়ারির মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও মানল না প্রশান্ত।
আরও পড়ুন: রাজীব কুমারের পর রাজ্যের ডিজি কে? UPSC-কে ১০ জনের নাম পাঠাল নবান্ন
স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য নিয়ে আইন নিতে প্রশ্ন উঠতে থাকে। সকলেই জানতে চাইছে এবার পুলিশ কী করবে। বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এ বার নতুন কী পদক্ষেপ করা হবে, সে ব্যাপারে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে শুরু করেছেন তদন্তকারীরা। এছাড়াও প্রাক্তন BDO প্রশান্ত বর্মণই বা কী করবেন, তা নিয়েও নানা জল্পনা বাড়ছে। আর এই তর্কবিতর্কের মধ্যেই রাজগঞ্জে নতুন বিডিও নিয়োগ করেছে প্রশাসন। বর্তমানে রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলকে বিডিও-র দায়িত্ব দেওয়া হয়েছে।