সোনাজয়ী অ্যাথলেট, অবসর নিয়ে রেল কর্মী! তৃণমূলে যোগ দেওয়া কে এই স্বপ্না বর্মণ?

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রায় বেজে গিয়েছে। তাই হাতে যতটুকু সময় আছে সেই সময়ে প্রচার কাজে কোনো ত্রুটি রাখছে না কোনো রাজনৈতিক দল। এই অবস্থায় প্রকাশ্যে এল এক বড় খবর, বিধানসভা নির্বাচনের আগে আজ অর্থাৎ শুক্রবার শাসক দলে যুক্ত হলেন এশিয়ান গেমসে সোনা জয়ী বিশিষ্ট অ্যাথলিট স্বপ্না বর্মন (Swapna Burman)। এদিন গৌতম দেব, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।

তৃণমূলে যোগ দিলেন স্বপ্না বর্মন

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল ভবনে জলপাইগুড়ির বিশিষ্ট অ্যাথলিট স্বপ্না বর্মণকে দলে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু। তৃণমূলের সোশ্যাল সাইটে প্রকাশ্যে এসেছে সেই ছবি। ক্যাপশনে লেখা, “ মা-মাটি-মানুষের পরিবারে স্বাগত! জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশায় আজ বাংলাজুড়ে উন্নয়নের জোয়ার। রাজ্য সরকারের এই কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে আজ আমাদের দলে শামিল হলেন বিশিষ্ট অ্যাথলিট স্বপ্না বর্মণ। এশিয়ান গেমসে সোনা এবং অর্জুন পুরস্কারজয়ী এই ক্রীড়াবিদের অভিজ্ঞতা ও নিষ্ঠা আমাদের দলকে আরও শক্তিশালী করবে। তাঁর যোগদান আমাদের মানবসেবা এবং উন্নয়নের এই জয়যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। জয় বাংলা!”

খেলার ময়দানে ছেড়ে রাজনীতির ময়দানে স্বপ্না বর্মণ

জানা গিয়েছে ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে স্বপ্না বর্মণ। তারপরই স্বপ্না জানিয়েছিলেন, তিনি আর অ্যাথলেটিক্সের ট্র্যাকে নামবেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন পীঠে ব্যথা। এর আগে, ২০১৭ সালে, এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে, হেপ্টাথলন ইভেন্টে তিনি প্রথম স্থান লাভ করেন। বর্তমানে স্বপ্না নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কর্মী। তবে কদিন ধরেই শোনা যাচ্ছিল যে রাজনীতির ময়দানে দেখা যাবে তাঁকে। কিন্তু কোন দলে যোগ দেবেন স্বপ্না সেই নিয়ে অনেকের মনে কৌতূহল ছিল। তার উপর চলতি বছরের জানুয়ারি মাসে শিলিগুড়িতে যখন মহাকাল মহাতীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তখন ওই মঞ্চেই স্বপ্নার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল। তাতেই সকলেই ধারণা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন স্বপ্না, অবশেষে সেটাই বাস্তবায়িত হল।

আরও পড়ুন: SIR আতঙ্কে মৃত্যু, ৬১ পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা নবান্নর

সংবাদমাধ্যমে এদিন স্বপ্না বর্মন জানান, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দলে যোগদান করলাম। উনি বাংলাকে এমন উচ্চতায় পৌঁছেছেন সেটা অন্য রাজ্যে হয়নি। মানুষের জন্য কাজ করার এটা অনেক বড় প্ল্যাটফর্ম। তাই আমি তৃণমূলে যোগদান করলাম।” এদিকে দলে যোগদান করার পরেই শোনা যাচ্ছে স্বপ্নাকে এবার টিকিট দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই নিয়ে এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে কিছুদিন আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যা উত্তরবঙ্গের গেরুয়া শিবিরে বড় প্রভাব পড়েছে বলে অনেকের ধারণা।

Leave a Comment