স্থানীয় সমস্যায় জোর, বাংলায় গেরুয়া ঝড় তুলতে নীতিন নবীনের নতুন রণকৌশল

Nitin Nabin

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসেছিলেন নীতীন নবীন (Nitin Nabin)। আর এই পদে বসেই একাধিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তার উপর যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তাই একের পর চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে চলেছেন তিনি। এই অবস্থায় ২১-এর হারের বদলা নিতেই শুরু করে দিলেন ছাব্বিশের রণকৌশল। বিধানসভা ভোটকে মাথায় রেখে স্থানীয় সমস্যাকে আরও গুরুত্ব দিয়ে ম্যান মার্কিংয়ের নিদান দিলেন নতুন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

দুর্গাপুরে দলীয় বৈঠকে নীতিনের

উল্লেখ্য, একুশে যখন জেপি নাড্ডা দলের সভাপতি ছিলেন, তখন বাংলায় ২০০ আসন টার্গেট করে ৭৭-এ এসে মুখ থুবড়ে পড়তে হয়েছিল বিজেপিকে। শুধু তা-ই নয়, এরপর রাজ্যে পর-পর উপনির্বাচন থেকে শুরু করে পৌরসভার ভোটেও খারাপ ফল করেছিল বিজেপি। তাই এবার বিধানসভা নির্বাচনে দলের সংগঠন যাতে মজবুত থাকে তার জন্য বিজেপির নয়া সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এখন থেকেই নানা পরিকল্পনা শুরু করে দিলেন। রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ মঙ্গলবার, দুর্গাপুরের এক বেসরকারি হোটেলে সন্ধ্যায় বঙ্গ বিজেপির রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করেছিলেন নীতীন নবীন। সেখানেই বিজেপি নেতাদের উদ্দেশ্যে একের পর এক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন দীর্ঘক্ষণ।

জন সংযোগ কর্মসূচি বৃদ্ধির নিদান

বিশেষ সূত্রের খবর, সংগঠন বৃদ্ধি নিয়েই মূলত আলোচনা হয় কোর কমিটির বৈঠকে। টার্গেট করা হয়েছে পশ্চিমবঙ্গের দুর্বল জায়গাগুলিকে অর্থাৎ যেখানে বিজেপির পারফরম্যান্স অত্যন্ত খারাপ। বিশেষত কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা, সেখানে আগামী এক মাসের মধ্যে সংগঠন ঢেলে সাজানোর নিদান দিয়েছেন নীতিন নবীন। এছাড়াও মহিলা ও যুবকদের নিয়েও বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য নীতিন নবীন আলাদা করে কথা বলেছেন কোর কমিটির বৈঠকে। পাশাপাশি জন সংযোগ কর্মসূচি রূপরেখা তৈরি করার কথাও বলেছেন তিনি। এলাকার স্থানীয় সমস্যার প্রতিও জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: সবাইকে জামিন দিয়ে দেব! রাজ্য সরকারের উপর ক্ষোভে ফেটে পড়ল হাইকোর্ট

বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, “আমাদের বৈঠকে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিয়ে দল ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। বিজেপি এমন একটি রাজনৈতিক দল নয় যারা শুধুমাত্র ভোটের সময় সক্রিয় থাকে। বরং বছরের ৩৬৫ দিনই বিজেপি মানুষের জন্য কাজ করে চলেছে।” তাই এবার দেখার পালা আসন্ন নির্বাচনে বিজেপি কতগুলি আসন দখল করতে পারে। অন্যদিকে জানা গিয়েছে আজ দুপুরে রানিগঞ্জে আসানসোল জোনকে নিয়ে পৃথক বৈঠক করবেন নীতিন নবীন।

Leave a Comment