বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই শেষ হচ্ছে অপেক্ষা। শহরে আসছেন ফুটবলের রাজপুত্র, কোটি কোটি ভক্তের ভগবান লিওনেল মেসি (Lionel Messi)। আর মেসির সেই সফর ঘিরেই বিরাট চিন্তাভাবনা মোহনবাগান ম্যানেজমেন্টের। জানা যাচ্ছে, স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইলফলক। দীর্ঘ ইতিহাস বহনকারী IFA শিল্ড জয়ের প্রতীক হিসেবে লিওর হাতে বিশেষ জার্সি তুলে দিতে চলেছে সবুজ মেরুন। বলাই বাহুল্য, ভারতের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম ক্লাব হিসেবে 1911 সালের 29 জুলাই ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে 1-2 ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে এই IFA শিল্ড জিতেছিল শহরের ঐতিহ্যবাহী দল মোহনবাগান।
মেসির হাতে ঐতিহ্যের জার্সি তুলে দেবে মোহনবাগান
সবুজ মেরুন সূত্রে খবর, ভারতের প্রথম ক্লাব তথা দল হিসেবে শিল্ড জয়ের ইতিহাসকে সাক্ষী রেখেই এবার সেই বহু পুরনো মোহনবাগান একাদশের গর্বকে সাথে নিয়ে 1911 র অনুকরণে তৈরি হচ্ছে বিশেষ মোহনবাগান জার্সি। সে জার্সিই যুবভারতীর ম্যাচের আগে উপহার হিসেবে তুলে দেওয়া হবে আর্জেন্টাইন মহাতারকার হাতে। না বললেই নয়, আগামী শনিবার লিওর উপস্থিতিতেই শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান অলস্টার বনাম ডায়মন্ড হারবারের দুর্ধর্ষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
জানা গিয়েছে, লিওর কলকাতা সফরকে স্মরণীয় করে রাখার পাশাপাশি নিজেদের ঐতিহ্যকে বিশ্বজয়ী ফুটবলারের কাছে তুলে ধরতে ঐতিহাসিক জার্সিটি মোহনবাগানের তরফে লিওর হাতে তুলে দেবেন খোদ মোহনবাগান সচিব সঞ্জয় বোস এবং সভাপতি দেবাশীষ দত্ত। আশা করা হচ্ছে, এদিন মোহনবাগানের এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকতে পারেন সবুজ মেরুনের বেশ কয়েকজন কর্মকর্তা থেকে শুরু করে নামজাদা ব্যক্তিত্বরা।
অবশ্যই পড়ুন: ২০২৬-এ দেশে থাকবে শুধু SBI, BoB সহ চার ব্যাংক! বড় পদক্ষেপ নেওয়ার পথে সরকার
ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করবেন মেসি
লিওর ভারত সফর নিয়ে ক্রমশ উন্মাদনা বাড়ছে ভক্তদের মধ্যে। অনলাইন উইন্ডো খোলার পর দাবানলের গতিতে বিক্রি হয়েছে টিকিট। প্রথমে শোনা গিয়েছিল, কলকাতায় আসার পর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে পরবর্তীতে লেকটাউন মোড়ে নিজের 70 ফুটের মূর্তি উদ্বোধন করতে যাবেন মেসি। তবে এখন শোনা যাচ্ছে শহর কলকাতার বুকে গড়ে ওঠা, ওই মূর্তিটি হোটেলে বসেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন লিও। গত মঙ্গলবারই সেকথা স্পষ্ট জানিয়েছেন মেসিকে ভারতে নিয়ে আসার পেছনে মূল কারিগর স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। তাঁর কথায়, “বর্তমান পরিস্থিতি যা তাতে ওর নিরাপত্তা নিয়ে সমস্যা বাড়তে পারে। তাই মূর্তিটি হোটেলে বসেই ভার্চুয়ালি উদ্বোধন করার সিদ্ধান্ত হয়েছে।”