বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত শর্মা, বিরাট কোহলিদের বড় ঝটকা দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI On Rohit-Virat)। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বোর্ডের কাছে কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরি তুলে দেওয়ার আবেদন রেখেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। অজিতের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি প্রস্তাব দিয়েছে, A+ ক্যাটাগরি তুলে দিয়ে শুধুমাত্র A, B এবং C ক্যাটাগরি রাখা হোক। হিসেব বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এই প্রস্তাব মেনে নেয় সেক্ষেত্রে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হবে রোহিত শর্মাদের। বেতন থেকে কাটা যাবে মোটা টাকা।
বড় ক্ষতির মুখে বিরাট কোহলিরা!
এই মুহূর্তে টেস্ট এবং টি-টোয়েন্টি সংস্করণে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি। টি-টোয়েন্টি খেলেন না রবীন্দ্র জাদেজাও। কিন্তু তা সত্বেও কেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে থাকবেন তাঁরা? এমন প্রশ্ন উঠেছিল বারবার। তবে এই তিন তারকা ছাড়াও A+ ক্যাটাগরিতে রয়েছেন জসপ্রীত বুমরাহ। বোর্ডের নিয়ম অনুযায়ী, এই বিশেষ ক্যাটাগরিতে থাকায় ভারতীয় দলের চার ক্রিকেটার বছরে 7 কোটি টাকা করে পান। তবে অজিত আগরকরের প্রস্তাব মেনে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এই ক্যাটাগরি তুলেই দেয় সেক্ষেত্রে 2 কোটি টাকা ক্ষতি হবে চার প্লেয়ারের।
বোর্ড A+ ক্যাটাগরি তুলে দিলে থাকবে শুধুই A, B এবং C ক্যাটাগরি। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের রাখা হবে A ক্যাটাগরিতে। সেই সূত্রে তারা বছরে 5 কোটি টাকা করে পাবেন। অর্থাৎ বর্তমান বেতন থেকে 2 কোটি টাকা কাটা যাবে তাদের। এদিকে আবার ANI সহ বেশ কয়েকটি সংবাদ সংস্থার রিপোর্টে দাবি করা হচ্ছে, রোহিত এবং বিরাটকে এক ধাক্কায় B ক্যাটাগরিতে নামিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে আরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। এই ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন বছরে 4 কোটি।
অবশ্যই পড়ুন: নিজের স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে সারলেন অভিনেতা হিরণ? জানুন পাত্রীর পরিচয়
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে A+ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়ে এর পেছনে বড় যুক্তি দিয়েছেন ভারতীয় দলের প্রধান নির্বাচক। তাঁর নেতৃত্বাধীন কমিটি বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে শুধুমাত্র তাঁরাই থাকতে পারেন যারা বর্তমানে ভারতের হয়ে তিন সংস্করণে খেলছেন। এদিকে রোহিত এবং বিরাট শুধুমাত্র ওয়ানডেতে রয়েছেন। জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে আগেই। ফলে, হিসেব করে দেখতে তাঁরা এই ক্যাটাগরির জন্য অযোগ্য। নির্বাচকের প্রস্তাবের পর শোনা যাচ্ছে, A+ ক্যাটাগরি নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অন্যান্য ক্যাটাগরিতেও প্লেয়ারদের তালিকায় বদল আনতে পারে বোর্ড।