হরমুজের পর আরও এক গুরুত্বপূর্ণ প্রণালীতে নিয়ন্ত্রণ কায়েম করতে পারে ইরান, ধাক্কা খাবে বিশ্ব বাণিজ্য?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হরমুজ প্রণালী নিয়ে এমনিতেই চিন্তিত গোটা বিশ্ব। সাম্প্রতিক সময়ে যুদ্ধের কারণে যথেষ্ট প্রভাবিত হয়েছে এই সামুদ্রিক জলপথ। হরমুজে ইরানের প্রভাব কতটা তা হারে হারে টের পাচ্ছে আমেরিকা, ইজরায়েল সহ গোটা বিশ্ব। ঠিক সেই পরিস্থিতিতে, এবার আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে উদ্বেগ বাড়াতে পারে ইরান (Bab al-Mandab Strait)। এবার তাদের নজরে পড়তে চলেছে আরও এক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব-এল-মান্দেব এ। সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছে তেহরান।

সামুদ্রিক কৌশল আরও পোক্ত করছে ইরান?

যুদ্ধের কারণে হরমুজ অবরুদ্ধ হওয়ার পরই প্রভাব পড়েছে গোটা বিশ্ব বাণিজ্যে। তার মধ্যে এবার নিজেদের সামুদ্রিক কৌশল আরও বাড়াতে চলেছে তেহরান! এ নিয়ে ইতিমধ্যেই ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ নিজের বক্তব্য খানিকটা অস্পষ্ট রেখেই বলেছেন, প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ তৈরি করতে নতুন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তেহরান।

গোটা বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ বাব এল-মান্দেব এর গুরুত্ব কতখানি সেটাই নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার। এদিন একেবারে পরোক্ষভাবে গালিবাফ বলেছিলেন, “গোটা বিশ্বের কত শতাংশ তেল, LNG, গম, চাল এবং সার এই প্রণালী দিয়ে আমদানি, রপ্তানি হয়?” অনেকেই মনে করছেন, ইরানের পার্লামেন্ট স্পিকারের এই এক বক্তব্যের মধ্যেই লুকিয়ে রয়েছে কঠিন বক্তব্য।

এখানেই শেষ নয়, এদিন তেহরানের পার্লামেন্ট স্পিকারের তরফে এও জানতে চাওয়া হয় কোন দেশ এই সমুদ্র পথ দিয়ে সবচেয়ে বেশি বাণিজ্য করে? বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, বাব এল-মান্দেব প্রণালীতে নিজেদের আধিপত্য বিস্তার করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে তেহরান। নিজেদের স্বার্থ সুরক্ষিত হলে এই প্রণালীতেও ক্ষমতা বিস্তার করতে পারে, পশ্চিম এশিয়ার দেশটি। আর সেটা হলে ফের যে বিশ্ব-বাণিজ্য ধাক্কা খাবে সেটা বলাই যায়!

অবশ্যই পড়ুন: পাঞ্জাব ম্যাচের আগে বল হাতে অনুশীলন করলেন গ্রিন, জয় নিয়ে আশাবাদী KKR

প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব। না বললেই নয়, এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন 8.8 মিলিয়ন ব্যারেল তেল সহ অন্যান্য জ্বালানি পরিবাহিত হয়। সবচেয়ে বড় কথা, সমুদ্রপথে হওয়া বিশ্ব বাণিজ্যর অন্তত 10 থেকে 12 শতাংশ এই জলপথের উপর নির্ভরশীল। কাজেই বোঝাই যাচ্ছে এই প্রণালীতে ইরান নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করলে আখেরে ক্ষতি হবে একাধিক দেশের।

Leave a Comment