বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটমুখী বাংলায় উদ্বোধন হয়ে গিয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper)। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে চালু হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন প্রজন্মের বন্দে ভারত। তবে ঠিক কবে থেকে হাওড়া-গুয়াহাটি রুটে পাকাপাকিভাবে এই ট্রেনের কমার্শিয়াল রান শুরু হবে তা নিয়ে সংশয়ে ছিলেন যাত্রীরা। অবশেষে মিলল সেই উত্তর। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 22 জানুয়ারি থেকে পাকাপাকিভাবে বন্দে ভারত স্লিপারের যাত্রী পরিষেবা শুরু হয়ে যাচ্ছে।
হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের যাত্রী পরিষেবা শুরু হচ্ছে
রেলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, প্রথমে গুয়াহাটি অর্থাৎ কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করবে প্রথম বন্দে ভারত স্লিপার। পরেরদিন সেই ট্রেন আবার হাওড়া থেকে গুয়াহাটির উদ্দেশ্যে ছুটবে। এবার নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 22 জানুয়ারি কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করবে প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। নির্ধারিত সময় সেই ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছানোর পর। 23 জানুয়ারি বন্দে ভারত স্লিপার ট্রেনটি হাওড়া স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাবে।
কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?
কামাখ্যা থেকে হাওড়া রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি কামাখ্যা স্টেশন থেকে সন্ধ্যা 6টা বেজে 15 মিনিটে ছেড়ে হাওড়া স্টেশনে পৌঁছবে পরেরদিন সকাল 8টা বেজে 15 মিনিটে। এই দীর্ঘ যাত্রায় স্লিপার ট্রেনটি কামাখ্যার পর রাঙিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল হয়ে হাওড়া স্টেশনে ঢুকবে। যাওয়ার পথেও উল্লিখিত প্রতিটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। বলে দিই, হাওড়া থেকে কামাখ্যা যাওয়ার পথে এই ট্রেন হাওড়া থেকে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 8টা 20 মিনিটে কামাখ্যায় পৌঁছবে। সপ্তাহে শুধু বুধবার বাদে প্রতিদিন কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করবে বন্দে ভারত স্লিপার। একইভাবে বৃহস্পতিবার বাদে প্রতিদিন হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন।

অবশ্যই পড়ুন: বাউন্ডারি লাইনে পা দিয়েই ক্যাচ ধরেন বৈভব? বাংলাদেশের প্লেয়ারের আউট নিয়ে বিতর্ক
বন্দে ভারত স্লিপারের ভাড়া কত?
16 কোচযুক্ত বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে একসাথে 820 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। বলে রাখি, এই ট্রেনে রয়েছে 11টি এসি থ্রি টায়ার, 4টি এসি টু টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। প্রত্যেক কোচের জন্য আলাদা আলাদা ভাড়া কাঠামো রয়েছে। খাবার সহ বন্দে ভারত স্লিপারের থার্ড এসি কোচে ভ্রমণ করতে চাইলে ভাড়া গুনতে হবে 2,299 টাকা। এসি টু টায়ারে যাত্রা করতে হলে গুনতে হবে 2,970 টাকা এবং ফাস্ট এসিতে যাতায়াতের জন্য খরচ পড়বে 3,640 টাকা।