সহেলি মিত্র, কলকাতাঃ ভারতীয় রেলপথ বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যবস্থা, যা প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী পরিবহন করে। কারও কারও কাছে ট্রেন হল অফিসে পৌঁছানোর মাধ্যম, আবার কারও কারও কাছে বাড়ি ফেরার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। এই কারণেই রেলের ক্ষুদ্রতম আপডেটও লক্ষ লক্ষ মানুষের পরিকল্পনার উপর সরাসরি প্রভাব ফেলে। ঠিক যেমন পূর্ব রেলের তরফে করা সম্প্রতি ঘোষণা নিত্য যাত্রীদের ওপর প্রভাব বিস্তার করতে চলেছে। বলা ভালো সমস্যা তৈরি করতে চলেছে। এর কারণ পূর্ব রেল হাওড়া ডিভিশনের কিছু ট্রেন বাতিল (Train Cancelled), ট্রেনের পুনর্নিধারণ, ট্রেনের পথ বদলের ঘোষণা করল। চলুন জেনে নেবেন বিশদে।
হাওড়া ডিভিশনে ফের বাতিল ট্রেন
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি অনুসারে, হাওড়া ডিভিশনের নলহাটী-গুমনি শাখায় ব্রিজ নং ২০২, ২০৬, ২১০, ২১২, ২৩৬, ২৬৪-এর রি গার্ডারিং কাজ এবং রামপুরহাট ও সাদীনপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নং ২৫-এ সীমিত উচ্চতার সাবওয়ের কাজের জন্য আগামী ২৫ জানুয়ারি, ২০২৬ রবিবারে পাওয়ার ও ট্রাফিক ব্লকের দরকার পড়বে। সে কারণে ৬৩৪৩৪ রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে। ২৫ জানুয়ারি রবিবার এই ট্রেন বাতিল থাকবে।

বহু এক্সপ্রেস ট্রেনের সময় পুনর্নিধারণ রেলের
১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস ২৪ জানুয়ারি ৪ ঘণ্টার জন্য, ১৩১৭৪ সাব্রুম শিয়ালদা কাঞ্চনঝঙ্ঘা এক্সপ্রেস, ৪ ঘণ্টার জন্য, ১২৩৬৪ হলদিবাড়ি-কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস ৩ ঘণ্টার জন্য, ১৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস ২৫ জানুয়ারি ১ ঘণ্টা ১৫ মিনিটের জন্য পুননির্ধারণ করা হবে।
অপরদিকে রেল বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করেছে। যেম ১২৫০৯ এসএমভিটি বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস ২৩ জানুয়ারি পথ বদল করে আন্দুল-হাওড়া-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফারাক্কা হয়ে চলবে এবং ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটয়া, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ ও জঙ্গিপুর রোড স্টেশনেও থামবে। ১৩০৫৩ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস ২৫ জানুয়ারি পথ পরিবর্তন করে ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফারাক্কা হয়ে চলবে এবং ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ ও জঙ্গিপুর রোড স্টেশনেও থামবে।