সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি একজন টোটো চালক বা কিনবেন বলে ভাবছেন? টোটো রেজিস্ট্রেশন (Toto Registration) করাননি? তাহলে আপনার হাতে মাত্র আর ৪ দিন সময় আছে। এই ৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের কাজ যদি না করেন তাহলে বিপাকে পড়তে হবে আপনাকেই। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
৩১ জানুয়ারির মধ্যে করুন টোটো, রিক্সার রেজিস্ট্রেশন
আসলে টোটোর দৌরাত্ম্য এবং কালোবাজারি রুখতে বিশেষ নির্দেশিকা জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। রাজ্য পরিবহণ দফতরের তরফে ই রিক্সা এবং টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আর সেই মর্মে রাজ্যজুড়ে বর্তমানে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ইতিমধ্যে বহু টোটো চালক এই কাজ সম্পন্ন করেছেন। কিন্তু এখনও অবধি যারা করেননি তাঁদের আগামী ৪ দিনের মধ্যে এই কাজ করে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এই কাজ না করলে সমস্যা বাড়বে বই কমবে না।
আরও পড়ুনঃ সবাইকে জামিন দিয়ে দেব! রাজ্য সরকারের উপর ক্ষোভে ফেটে পড়ল হাইকোর্ট
যাতে কারোর সমস্যা না হয় সেজন্য সম্প্রতি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ জানুয়ারি, ২০২৬ করা হয়েছিল। ফলে টোটো ও ই রিক্সা চালকদের কাছে সরকারের অনুরোধ, নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যাতে সম্পন্ন করেন। বিভ্রান্ত না হয়ে নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করুন। টোটো ও রিক্সা চালকদের TTEN ও e vahan পোর্টালে গিয়ে আবেদন করে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নিয়ম কী বলে?
নিয়ম অনুযায়ী, টোটো মালিকদের প্রথম ছয় মাসের জন্য এক হাজার টাকা এনুমারেশন ও নির্দিষ্ট এলাকায় চলাচলের অনুমতি ফি দিতে হবে। সপ্তম মাস থেকে প্রতি মাসে একশো টাকা করে ফি ধার্য থাকবে। যদিও রাজ্যে মোট কতগুলি টোটো চলছে তার নির্দিষ্ট হিসাব নেই, পরিবহণ দফতরের অনুমান এই সংখ্যা কমপক্ষে দশ লক্ষের কাছাকাছি। তবে এত বিপুল সংখ্যার তুলনায় নথিভুক্তিকরণে এখনও সাড়া তুলনামূলকভাবে কম বলেই দফতরের অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।