সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইজরায়েল এবং ইরানের সংঘাতে (Iran-Israel War) দিনের পর দিন উদ্বেগ তৈরি হচ্ছে ভারতে, যার মাশুল চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে। হ্যাঁ, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তো এমনিই ঊর্ধ্বগতি। যার কারণে দেশে পেট্রোল, ডিজেলের দাম নিয়েও তৈরি হচ্ছে সংশয়। তবে তারই মধ্যে প্লাস্টিক শিল্পে পড়ছে প্রভাব। যে কারণে একধাক্কায় দ্বিগুণ হতে চলেছে বোতলবন্দি পানীয় জলের দাম (Water Bottle Price Hike)। জানা যাচ্ছে, এবার ১০ টাকার জলের বোতল নাকি ২০ টাকা দিয়ে কিনতে হবে!
দাম বাড়ছে সব জলের ব্র্যান্ডের
দেশের অন্যতম জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড Bisleri ইতিমধ্যে তাদের এক লিটার জলের বোতলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। Bisleri এর সিইও অ্যাঞ্জেলা জর্জ জানিয়েছেন, প্যাকেজিং উৎপাদনের খরচ অস্বাভাবিক হারে বেড়েছে। যার কারণে এক লিটার জলের বোতলের দাম এবার ২০ টাকা করে দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী, বারোটি বোতলের একটি কেস কিনতে গেলে এখন গ্রাহকদের আগের থেকে অন্তত ২৪ টাকা করে বেশি খরচ করতে হবে। আর শুধুমাত্র Bisleri নয়, বরং Bailley বা Kinley এর মতো সংস্থাও এবার দাম বাড়ানোর পথে হাঁটছে।
এবার অনেকেই ভাবতে পারেন যে, তেলের দাম বাড়ার সঙ্গে জলের দাম বাড়ার কী সম্পর্ক? আসলে এখানেই রয়েছে টুইস্ট। কারণ, প্লাস্টিক বোতল তৈরি হয় পেট্রোলিয়ামজাত পণ্য থেকেই। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৯ ডলারে পৌঁছে গিয়েছে। আর প্লাস্টিক বোতল তৈরির প্রধান উপাদান পেট রেসিন পেলেট মূলত আমদানিকৃত তেলের উপরেই নির্ভরশীল। সেই সূত্রে গত ১৪ দিন এই কাঁচামালের দাম ৭০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণেই উৎপাদন খরচ বেড়েছে। এদিকে পেট্রোল, ডিজেলের দাম বাড়ার কারণে কারখানা থেকে দোকান, জল পৌঁছে দেওয়ার খরচ অনেকটাই ঊর্ধ্বগতিতে।
আরও পড়ুন: দিনরাত ভারতবিরোধী স্লোগান, সেই সারজিস আলমের বাবা চিকিৎসার জন্য কলকাতায়?
দাম বাড়বে আরও অনেক পণ্যের
উল্লেখ্য, প্লাস্টিকের এই দাম বৃদ্ধি শুধুমাত্র যে জলের বোতলে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্ত পণ্য প্যাকেজিংয়ের জন্য সরাসরি প্লাস্টিকের উপর নির্ভরশীল, এবার সেগুলির দামও খুব শীঘ্রই বাড়।বে যার মধ্যে উল্লেখযোগ্য হল অনলাইন ফুড ডেলিভারির কন্টেইনারের খরচ, ওষুধের ক্ষেত্রে কসমেটিক্স এবং ফার্মাসিউটিক্যাল পণ্যের বোতল ও প্যাকেজিং মহার্ঘ হতে পারে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য যেমন শ্যাম্পু, তেল বা দুধের প্লাস্টিকের দাম বাড়বে। যার কারণে এসব পণ্যের দাম অনেকটাই বাড়তে পারে।