বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত (India)। গত রবিবারের সেই জয়ের পর টিম ইন্ডিয়াকে বিপুল অর্থ পুরস্কার (Team India Prize Money) দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এদিকে দেশের ছেলেদের সাফল্যকে সামনে রেখে টিম ইন্ডিয়াকে টাকায় মুড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। BCCI এর তরফে সূর্যকুমার যাদবদের জন্য 131 কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। যদিও প্লেয়ারদের পাশাপাশি এই অর্থ ভাগ হবে কোচিং স্টাফ সহ টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের মধ্যে। এখন প্রশ্ন, ভারতীয় দলের প্লেয়াররা তাহলে কত করে পাবে?
টিম ইন্ডিয়ার প্লেয়াররা কত টাকা করে পাবেন?
পিটিআই এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পাওয়া অর্থ পুরস্কারের একটা বড় অংশ পাবেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। বাকি অর্থ সাপোর্ট স্টাফ এবং কোচিং স্টাফদের পদ অনুযায়ী দেওয়া হবে। রিপোর্ট বলছে, ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডের মোট 15 জন ক্রিকেটারকে 6 কোটি টাকা করে দেওয়া হবে। বাকি 41 কোটি টাকা ভাগ করা হবে সাপোর্ট স্টাফ এবং কোচিং স্টাফদের মধ্যে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কত পেয়েছিলেন প্লেয়াররা?
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ভারত। সে বছর চ্যাম্পিয়ন হতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে পুরস্কার বাবদ বিপুল অর্থ পাওয়ার পাশাপাশি BCCI এর তরফেও 125 কোটি টাকা পেয়েছিল টিম ইন্ডিয়া। সেবার পুরস্কার মূল্য কিছুটা কম থাকায় টিম ইন্ডিয়ার 15 জন সদস্যকে 5 কোটি টাকা করে দেওয়া হয়। বাকি অর্থ পেয়েছিলেন কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরা। এদিকে শুভমন গিল ও রিঙ্কু সিং সহ চারজন রিজার্ভ খেলোয়াড়কে 1 কোটি টাকা করে দেওয়া হয়েছিল।
অবশ্যই পড়ুন: নবান্নের দিকে জানলা ব্যালকনি রাখা যাবে না! পুলিশের শর্তে বড় ধাক্কা দিল হাইকোর্ট
প্রসঙ্গত, এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে 27 কোটি 48 লাখ টাকা পেয়েছিল টিম ইন্ডিয়া। বলাই বাহুল্য, গতবারের তুলনায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্ব ক্রিকেট সংস্থা পুরস্কার মূল্যের পরিমাণ অন্তত 20 শতাংশ বাড়িয়েছে। এর ফলে উপকৃত হয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলিও।