প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল রাজ্যে অন্তর্বতী বাজেট পেশ করেছিল রাজ্য সরকার। সেই সময় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যতই এজেন্সি লাগান বাংলার মানুষ বিজেপিকে ধিক্কার জানায়। বিজেপি জিরো ছিলেন, জিরোই থাকবেন, বাংলা হিরো ছিল, হিরো থাকবে। আর কটাক্ষের প্রতিক্রিয়া স্বরূপ হুংকার ছাড়ল শুভেন্দু অধিকারী। দাবি করে বসলেন, ৭৭ থেকে একেবারে ১৭৭ আসন নিয়ে বুক ফুলিয়ে বিধানসভায় ঢুকবে বিজেপি।
প্রশাসনকে হুংকার বিজেপির
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “গত নির্বাচনে ৩৯ শতাংশ হিন্দু ভোট বিজেপির পক্ষে গিয়েছিল। এবার সেই ভোটের হার বেড়ে ৪৫ শতাংশ হবে। হিন্দুদের পাশাপাশি আদিবাসীরাও বিজেপিকে ভোট দেবে। এবার ৪৫ শতাংশ হিন্দু, আদিবাসী বিজেপিকে ভোট দেবে।” তাঁর কথায়, “বিজেপি এক সময় ৩টি আসন থেকে ৭৭-এ পৌঁছেছিল, এবার সেই ৭৭ থেকে সরাসরি ১৭৭-এ পৌঁছবে। পরিবর্তন আসন্ন, বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকব তার অপেক্ষা করুন শুধু।” তবে তিনি শুধু একা নন, বঙ্গ বিজেপির একাংশ এই দাবি করছে। তবে এই ভবিষ্যৎবানী মানতে চাইছে না তৃণমূল উল্টে অনেকেই এর বিরোধিতা করছেন।
শুভেন্দুর দাবীকে ব্যঙ্গ করল তৃণমূল
তৃণমূলের এক মুখপাত্র জানিয়েছেন, “আগে বিজেপির নেতারা ২০০ আসনের কথা বলেছিলেন, কিন্তু ফল হয়েছিল মাত্র ৭৭। এবার শুভেন্দু বলছেন ১৭৭। সেক্ষেত্রে আগের হিসাব ধরলে এবারে তাঁদের আসন ৫০-এর নিচেই নেমে যাবে বলে মনে করা হচ্ছে।” পাশাপাশি তিনি আরও ব্যঙ্গ করে বলেন, “শুভেন্দু বুক ফুলিয়ে বিধানসভায় দর্শক হিসেবে ঢুকবেন কি না, সেটাই দেখার।” বিধানসভায় দর্শক হিসেবে ঢুকতে হলে বিধায়কের সুপারিশ লাগে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস নাকি এবার বামেদের সঙ্গে জোটে যাচ্ছে না।
আরও পড়ুন: পরকীয়ায় মশগুল বর্ধমানের বিজেপি নেতা, ধরা পড়তেই জোর করে বিয়ে দিল এলাকাবাসী
প্রসঙ্গত, আগের বার কংগ্রেস এবং বামের জোটের ছবি দেখেছিল বঙ্গবাসী, তবে এবার সেই জোটের সমীকরণ বিধানসভা নির্বাচনে ভেঙে গিয়েছে। ইতিমধ্যেই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কংগ্রেস। এদিকে এই সিদ্ধান্ত নিয়েই কটাক্ষ করল শুভেন্দু অধিকারী। কংগ্রেস ও তৃণমূলকে একই বন্ধনীতে রেখে তিনি বলেন, “মালদহ ও মুর্শিদাবাদে কংগ্রেস মুসলিম ভোট পায়, আর তৃণমূল মুসলিম ভোটের উপর ভর করেই রাজ্য চালাচ্ছে। তবে বিজেপির এসব নিয়ে কোনও মাথাব্যথা নেই।” এ ব্যাপারে যদিও এখনো কংগ্রেসের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।