২০ টাকার নোট নিয়ে চলছে বিরাট প্রতারণা, আপনি হাতে পেয়েছেন?

Tarakeswar 20 Taka

সহেলি মিত্র, কলকাতাঃ ২০ টাকার নোট ঘিরে শোরগোল পড়ে গেল চারিদিকে। দেখতে একদম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জারি করা নতুন নোটের মতোই। কিন্তু হাতে নিয়ে ভালো করে দেখার পর বোঝা যাচ্ছে আসল ব্যাপার। এ যে নকল ২০ টাকার নোট! এহেন ঘটনাকে ঘিরে হুগলীর তারকেশ্বর (Tarakeswar) এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আপনার কাছেও এই নোট নেই তো? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

২০ টাকার নোট ঘিরে হুলুস্থুলু তারকেশ্বরে

২০ টাকার নোট নিয়ে সবথেকে বেশি বিপাকে পড়েছেন তারকেশ্বর এলাকার বহু দোকানী। অনেক গ্রাহক নকল ২০ টাকার নোট ধরিয়ে জিনিসপত্র কিনে নিয়ে চলে গিয়েছে। পরে দোকানির খেয়াল হওয়ার পর আর কিছু করার থাকছে না। আবার কিছু দোকানি ভালো করে নোট পরীক্ষা করার জেরে অনেককে হাতেনাতে অবধি ধরেছে।

আরও পড়ুনঃ শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ২ লাখেরও বেশি, পোস্ট অফিসের সেরা স্কিম এটি

অনেকের কথায়, তারকেশ্বর এলাকার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ২০ টাকার নোট। অনেকেই আসল ভেবে তুলে নিয়ে পকেটস্থ করছেন। আবার কেউ কেউ আছেন ভালো করে পরীক্ষা করার পর বুঝতে পারছেন ২০ টাকার নোটগুলি জাল। সবথেকে বড় কথা, রাস্তায় পড়ে থাকা নোটগুলি হুবহু আসল নোটের মতোই। পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষের সন্দেহ, এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে। যদিও পুলিশ অন্য কথা বলছে। তারকেশ্বর থানার তরফে জানানো হয়েছে, ‘মেলায় কিনতে পাওয়া যায় এ সব। কেউ হয়ত কিনে এনে এগুলো ছড়িয়েছে। নোটগুলো দেখলেই বোঝা যাবে। এটা ফেক কারেন্সি বা তেমন কিছু না। তবে কেউ যদি তা নিয়ে দোকানে চলে যায়, আমরা খতিয়ে দেখব। পদক্ষেপও করব। এখনও এ রকম কোনও অভিযোগ আমরা পাইনি।’

নকল নোট চিনবেন কীভাবে?

আপনিও যদি তারকেশ্বরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে জেনে রাখুন কীভাবে এই নকল নোট চিনবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বদলে নোটে ‘মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ লেখা রয়েছে। হিন্দিতে যেখানে লেখা থাকে, ‘বিস রুপয়ে’, এই নোটে লেখা ‘বিস নম্বর’। সঙ্গে আবার লেখা, ‘ফুল অফ ফান’। এরকম নোট দেখে পকেটস্থ করার আগে সাবধান থাকুন।

Leave a Comment