সহেলি মিত্র, কলকাতাঃ নদীয়াবাসীর জন্য দারুণ সুখবর। এবার নদীয়া থেকে খুব অল্প সময়ের মধ্যেই আপনার, আমার প্রিয় দিঘায় পৌঁছে যেতে পারবেন, তাও কিনা আবার বাসে করে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নবদ্বীপ টু দিঘা বাস (Nabadwip Digha Bus) পরিষেবা শুরু হল। বাসের সময়সূচী, ভাড়া সহ বিশদে জানতে পড়ে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।
শুরু হল নবদ্বীপ টু দিঘা বাস পরিষেবা
জানা গিয়েছে, SBSTC-র বাসটি আধ্যাত্মিক স্থল নবদ্বীপ ধাম থেকে ছাড়বে। গত ১ ফেব্রুয়ারি রবিবার ছুটির দিন থেকে নবদ্বীপ ধাম টু দিঘা অবধি শুরু হয়েছে সরকারি বাস। অর্থাৎ এক বাসে করেই এখনা আপনি দিঘার মতো সমুদ্র সৈকত এবং নবদ্বীপ ধাম, মায়াপুর পৌঁছে যেতে সক্ষম হবেন। এই বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি অনেকে। বিশেষ করে শুরু হওয়া এই পরিষেবাকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ইসকন কলকাতার সহ-সভাপতি ও জগন্নাথধাম, দিঘার ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস।
আরও পড়ুনঃ এখনই যাচ্ছেনা শীত, ফের কাঁপানো ঠান্ডা দক্ষিণবঙ্গে? আজকের আবহাওয়া
রাধারমণ জানিয়েছেন, ‘সমুদ্রভিত্তিক পর্যটন কেন্দ্র দিঘা এবং বৈষ্ণব আন্দোলনের প্রাণকেন্দ্র মায়াপুরকে এক সুতোয় বেঁধে রাজ্য কার্যত এক পবিত্র ভক্তি ও সংস্কৃতির করিডর তৈরি করল। এতে দেশ-বিদেশের তীর্থযাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই রাজ্যের পর্যটন ব্যবস্থাও নতুন গতি পাবে।’
সময়সূচী ও ভাড়া
এবার আসা যাক বাসটির সময়সূচী এবং ভাড়া সম্পর্কে। জানা গিয়েছে, বাসটি নবদ্বীপ ধাম থেকে সকাল ৬টায় ছেড়ে যাবে। এরপর ফিরতি পথে দিঘা থেকে বাসটি সকাল ৮টা নাগাদ ছেড়ে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা দেবে। এবার ভাড়া সম্পর্কে বললে, এই দুই স্থানের মধ্যে চলাচলের জন্য ভাড়া জনপ্রতি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা বলে খবর।
পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত মোট দু’টি বাস এই রুটে চলবে। পরিষেবাটি বর্তমানে প্রতি দিন চালু রয়েছে। তবে যাত্রীসংখ্যা ও টিকিট বিক্রির উপর ভিত্তি করে ভবিষ্যতে এই পরিষেবা অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাসটি যখন নবদ্বীপ ধাম থেকে ছেড়ে যাবে তখন ভায়া ডানলপ। বারাসাত, রাণাঘাট এবং কৃষ্ণনগর হয়ে দিঘা ঢুকবে। অপরদিকে দিঘা থেকে যখন বাসটি ছাড়বে তখন ভায়া রাণাঘাট, বারাসাত, কোলাঘাট, কাঁথি হয়ে নবদ্বীপ ঢুকবে।