প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট আগেই ঘোষণা হয়েছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। এবং দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ৬ এপ্রিল। এদিকে প্রথম দফায় ১৫২ আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হল নন্দীগ্রাম (Nandigram)। এবার সেখানকার বিজেপি প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জমা দিলেন মনোনয়ন পত্র। তাঁর বিরুদ্ধে হওয়া বিচারাধীন ২৫টি ফৌজদারি মামলার বিস্তারিত বিবরণ তুলে ধরলেন।
২৫টি ফৌজদারি মামলা শুভেন্দুর বিরুদ্ধে
রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ সোমবার হলদিয়ায় গিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন। এদিন রথের আদলে তৈরি ট্রাকে শুভেন্দুর সঙ্গে ছিলেন দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। তাঁর দেওয়া হলফনামায় তাঁর বিরুদ্ধে বিচারাধীন ২৫টি ফৌজদারি মামলার বিস্তারিত বিবরণ দিয়েছেন শুভেন্দু। জানা গিয়েছে, ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্য পুলিশের অধীনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রয়েছে ২৫টি ফৌজদারি মামলা। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এমনই একটি রিপোর্ট জমা দেন রাজ্য পুলিশের ডিজি।
একাধিক থানায় শুভেন্দুর বিরুদ্ধে দায়ের মামলা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এর আগেও কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল, কলকাতা পুলিশের আওতায় ৭ টি ফৌজদারি ধারায় মামলা রয়েছে তাঁর নামে। হলফনামায় মানহানি, অর্থ পাচার, শত্রুতা উস্কে দেওয়া এবং দাঙ্গার মতো ফৌজদারি মামলার উল্লেখ রয়েছে। ১৯-২০টি পাতা জুড়ে রয়েছে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের হওয়া একের পর এক মামলা। গড়বেতা, চাঁচল, খড়গপুর, খড়দা, লালগড়, সাঁকরাইল, জামবনি, ঝাড়গ্রাম, বেলেঘাটা, বউবাজার, ভূপতিনগর, হেয়ার স্ট্রিট, দুর্গাচক, জোড়াসাঁকো ইত্যাদি থানায় অভিযোগ রয়েছে শুভেন্দুর নামে। জানা গিয়েছে, এগুলির একাধিক কেস এখনও বিভিন্ন লোয়ার কোর্টে চলছে।
ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী তাঁর হলফনামায় ঘোষণা করেছেন, তিনি কোনও মামলাতেই দোষী সাব্যস্ত হননি। দায়ের করা মামলার অধিকাংশই গ্রামীণ নির্বাচনী এলাকা ও জেলাগুলিতে। যদিও তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলোতে সাম্প্রদায়িক হিংসার চেষ্টা, খুনের চেষ্টা এমনকী পকসো কেসও অন্তর্ভুক্ত। এছাড়াও তাঁর মনোনয়ন হলফনামায় শুভেন্দু নিজেকে একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন এবং তাঁর আয়ের উৎস হিসেবে বিধায়ক বেতন, সাংসদ পেনশন ও ব্যবসাকে তালিকাভুক্ত করেছেন। তাঁর মোট বার্ষিক আয় হিসেবে তিনি জানিয়েছেন ১৭,৩৮,৫০০ টাকা।
আরও পড়ুন: বুধ থেকেই বড় পরিবর্তন, দক্ষিণবঙ্গে ৬০ কিমি বেগে ঝড়! আগামীকালের আবহায়া
প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল, বৃহস্পতিবার ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করার কথা। বিজেপি সূত্রের দাবি, সে দিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার পাশে নাকি দেখা যেতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যদিও এখনও বিজেপি-র তরফে আনুষ্ঠানিক ভাবে শাহের সফরসূচি সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু শাহ যদি শুভেন্দুর মিছিলে থাকেন তাহলে এক কথায় বলাই যায় যে ভবানীপুরের লড়াই নিঃসন্দেহে আরও বড় মাত্রা পাবে।