সৌভিক মুখার্জী, কলকাতা: বহু প্রতীক্ষিত ডিএ (Dearness Allowance) মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা থেকে অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। ফলে ভোটের আগে যে রাজ্য সরকারের উপর চাপ বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।
বড় রায় সুপ্রিম কোর্টের
আসলে গত কয়েক বছর ধরে রাজ্য বাজেটের সময়ে ডিএ ঘোষণা নিয়ে কর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হত। তবে এবার সেই বাজেট পর্বেই সুপ্রিম কোর্টের নির্দেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ ইস্যুতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। একাধিক আদালত পেরিয়ে মামলা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ফলে প্রায় এক দশক ধরে চলা এই বিতর্কে কর্মীদের এবার অনেকটাই সুরক্ষা মিলবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল। আর সেখানে বলা হয়েছিল, শুনানির দিন থেকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ মেটাতে হবে। সেই সময় আদালত জানায়, ডিএ পাওয়া সরকারি কর্মীদের মৌলিক অধিকার কিনা তা আদালত বিবেচনা করবে অবশ্যই। কিন্তু সেই সিদ্ধান্তের অপেক্ষায় কর্মীদের অনির্দিষ্টকালের জন্য কোনওভাবেই বসিয়ে রাখা যায়না।
আরও পড়ুন: DA মামলায় বড় জয় সরকারি কর্মীদের, এখনই ২৫% দিতে হবে! নির্দেশ সুপ্রিম কোর্টের
২৫% ডিএ দিলে বেতনে কতটা প্রভাব পড়বে?
এবার রাজ্যের সরকারি কর্মীদের মনে প্রশ্ন আসতে পারে যে, সরকার যদি ২৫% ডিএ বাড়ায়, তাহলে বেতনের উপর ঠিক কতটা প্রভাব পড়বে? প্রথমেই জানিয়ে রাখি, মাসিক বকেয়া ডিএ এর হিসাব করতে গেলে মাসিক বেসিক পে এর সাথে ডিএ হারের পার্থক্যের শতাংশ ডিএ গুণ করতে হবে। সেক্ষেত্রে এপ্রিল ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত প্রতিটি মাসের বকেয়া ডিএ যোগ করেই মোট বকেয়া নির্ধারণ করতে হবে। হিসাব বলছে, যদি কোনও কর্মচারীর ২০০৮ সালে ১০,০০০ টাকা বেতন হয়ে থাকে, তাহলে হিসাব অনুযায়ী সে ২০১৯ সাল পর্যন্ত মোট ৫,৮২,৫৫৩ টাকা ডিএ পাবে। তবে যেহেতু সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে, তাই সেই অনুযায়ী সে হাতে পাবে ১,৪৫,৬৩৮ টাকা।